সময় কলকাতা ডেস্ক,২ আগস্ট: উত্তপ্ত মণিপুরে ২ মহিলাকে নিগ্রহের ঘটনায় তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই লজ্জাজনক ২৬ সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ভিডিয়ো দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং মূল অভিযুক্ত হুইরেম হেরোদাস মেইতি সহ মোট সাতজনকে গ্রেফতারও করা হয়েছে। এই ঘটনার পরেই তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এমনকী মণিপুর ইস্যুতে সংসদের বাদল অধিবেশন শুরুর দিন থেকেই আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধী দলগুলি। এবার মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল।

একইসঙ্গে তিনি মণিপুরের হিংসার ঘটনার তদন্তের জন্য সুপ্রিম কোর্টের অধীনে তদন্তকারী দল গঠনের আবেদনও জানিয়েছেন। পাশাপাশি মণিপুরে ইন্টারনেট ব্যান তুলে দেওয়ার আবেদন জানান মহিলা কমিশনের প্রধান। ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্বাতী মালিওয়াল মণিপুর ইস্যুতে চিঠি লিখে রাষ্ট্রপতি শাসনের আর্জি জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, মণিপুরবাসী সরকারের উপর পুরোপুরি আস্থা হারিয়ে ফেলেছে। দুই গোষ্ঠীর মধ্যে গত চার মাস ধরে অশান্তি শুরু হয়েছে। হিংসার পাশাপাশি যৌন নিগ্রহের ঘটনাও ঘটেছে। ত্রাণের কোনরকম ব্যবস্থা পর্যন্ত কড়া হয়নি। সবটা দেখেও মণিপুর সরকার চুপ করে রয়েছে। মণিপুরে ২ মহিলাকে নিগ্রহের ঘটনায় দ্রুত সিবিআই তদন্তের প্রয়োজন।
আরও পড়ুন কেন্দ্র এবং মণিপুর সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দারস্থ মণিপুরের ২ নির্যাতিতা

ইতিমধ্যেই মণিপুরে ন্যাক্কারজনক এই ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করছে সিবিআই। জানা গিয়েছে, তদন্তের স্বার্থে খুব শীঘ্রই সিবিআই আধিকারিকরা মণিপুর যাবে। ওই দলে ফরেন্সিক অফিসার ছাড়াও কয়েকজন মহিলা আধিকারিকও থাকবেন বলেই সূত্রের খবর। বৃহস্পতিবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, মণিপুরে ২ মহিলাকে নিগ্রহের ঘটনার তদন্তভার সিবিআই-কে দেওয়া হবে। এরপরই ওই ঘটনার তদন্তভার গ্রহণ করে সিবিআই। ইতিমধ্যে ন্যাক্কারজনক ওই ঘটনার তদন্তের জন্য ডিআইজি পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে সিট গঠন করেছে সিবিআই।

এসবের মাঝেই গত সপ্তাহেই অশান্ত মণিপুরে যান ‘ইন্ডিয়া’ জোটের ১৬টি দলের মোট ২০ জন প্রতিনিধি। মণিপুর পৌঁছেই তাঁরা দুই দলে ভাগ হয়ে যায়। একদল পাহাড়ি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ কুকিদের সঙ্গে দেখা করে। অন্যদলটি উপত্যকায় মেইতেই সম্প্রদায়ের সঙ্গে দেখা করে। উপত্যকার ইম্ফল থেকে পাহাড়ের চূড়াচাঁদপুর– দুই প্রতিনিধিদল সর্বত্র গিয়েছে। ত্রাণ শিবিরগুলিতে মহিলা ও শিশুদের করুণ পরিস্থিতি দেখে স্তম্ভিত তাঁরা। গত রবিবার সকালে মণিপুরের রাজ্যপালের সঙ্গে ইন্ডিয়া জোটের প্রতিনিধিদল দেখা করেছে। বিরোধীদের দাবি, গত ৮৯ দিন ধরে প্রধানমন্ত্রী যেভাবে মণিপুর নিয়ে মৌনব্রত নিয়েছেন, তাতেই বোঝা যায়, মণিপুর নিয়ে তাঁর মানসিকতা কী। এদিন রাজ্যপাল অনুসূয়া উইকের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে মণিপুর ইস্যুতে স্মারকলিপি তুলে দেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। মণিপুরের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ‘ইন্ডিয়া’ জোটের ২১ জন সাংসদ। তাঁদের জমা দেওয়া স্মারকলিপিতে রীতিমতো তীব্র ভাষায় বিজেপি সরকারকে আক্রমণ শানানো হয় বলেই সূত্রের খবর।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?