Home » রামনবমী হিংসা মামলার সব নথি এনআইএ-র হাতে তুলে দিল রাজ্য পুলিশ

রামনবমী হিংসা মামলার সব নথি এনআইএ-র হাতে তুলে দিল রাজ্য পুলিশ

সময় কলকাতা ডেস্ক,৩ আগস্ট: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল রিষড়া, শিবপুর। এই অশান্তি এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। গোটা বিষয়টি খতিয়ে দেখে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এরপরই অভিযোগ উঠেছিল, আদালত এনআইএ তদন্তের নির্দেশ দিলেও রাজ্য পুলিশ সেই তদন্তের ভিত্তিতে এনআইএ-এ হাতে কোনও নথি তুলে দিচ্ছে না। এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার রামনবমী হিংসা মামলার সব নথি কেন্দ্রীয় সংস্থা এনআইএ-র হাতে তুলে দিল রাজ্য পুলিশ। জানা গিয়েছে,রামনবমীতে রাজ্যের একাধিক জায়গায় যে অশান্তির অভিযোগ উঠেছিল, তা নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৬টি মামলা হয়েছিল। আদালত নির্দেশ দেওয়ায় ৬টি মামলারই তদন্তভার নেয় এনআইএ।

এর আগে গত ২৫ জুলাই রামনবমীতে বাংলায় হিংসার ঘটনা নিয়ে এনআইএ তদন্তের নির্দেশ বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। কলকাতা রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়। এরপরই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ হাই কোর্টের নির্দেশই বহাল রাখে। রাজ্য সরকারের বক্তব্য ছিল, হিংসার ঘটনাগুলি নিয়ে পুলিশ এবং সিআইডি তদন্ত চালাচ্ছে। এনআইএ তদন্তের কোনও প্রয়োজন নেই। যদিও আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ তদন্ত দাবি করে হাই কোর্টে মামলা করেছিলেন। রামনবমীকে কেন্দ্র করে দেশের অন্যান্য রাজ্যের ঘটনা নিয়েও এনআইএ তদন্ত করছে। উচ্চতর আদালত এফআইআর, প্রাথমিত তদন্তে পুলিশের সংগ্রহ করা নথিপত্র, ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ ইত্যাদি এনআইএ-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়।

আরও পড়ুন      রামনবমীতে অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট

উল্লেখ্য,গত ৩০ মার্চ রামনবমীর দিন দেশের বিভিন্ন প্রান্তে অস্ত্রসহ মিছিল সংগঠিত হয়েছিল। উৎসবের এই মিছিলকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনাও ঘটেছিল। রিষড়ায় রামনবমীর মিছিলে অংশ নিয়েছিলেন দিলীপ ঘোষ, পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, শ্রীরামপুরে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক-সহ একাধিক নেতা,বিধায়ক। অশান্তির জেরে নিরাপত্তা বিঘ্নিত হয় বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। যদিও নিরাপত্তা রক্ষীরা তাঁকে সময়মতো ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ায় বড় কোনও বিপদ হয়নি। এরপরই টানা তিনদিন ধরে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর,রিষড়া ৫ নং ওয়ার্ড এলাকায় জিটি রোডের উপর আচমকাই মিছিলে হামলা চলে বলে অভিযোগ। চলে ইটবৃষ্টি। তাতে মোহন আদকের গাড়ির কাঁচ ভাঙে, আহত হন বিধায়ক বিমান ঘোষও। তাঁদের তড়িঘড়ি সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আহত বিধায়ককে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হাসপাতালে। সরব বিজেপি। সাংবাদিক বৈঠক করে রাজ্য প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে অভিযোগে কার্যত ফেটে পড়েন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

About Post Author