Home » শুভেন্দুর বিরুদ্ধে করা যাবে না এফআইআর: সুপ্রিম আদেশ

শুভেন্দুর বিরুদ্ধে করা যাবে না এফআইআর: সুপ্রিম আদেশ

বীথিন সরকার, সময় কলকাতা , ৪ আগস্ট : সুপ্রিম আদেশ আর তার ফলশ্রুতি হিসেবে  স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা যাবে বলে সম্প্রতি কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তা শুক্রবার খারিজ করে নতুন আদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা যাবে না বলে এর আগে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু পঞ্চায়েত ভোটের পর একটি জনস্বার্থ মামলার রায়ে হাইকোর্ট জানিয়ে দেয়, বিরোধী দলনেতার বিরুদ্ধেও এফআইআর দায়ের করা যাবে। তবে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। নন্দীগ্রামে হিংসা ও অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে এর পরই শুভেন্দুর বিরুদ্ধে বেশ কিছু এফআইআর দায়ের হয়।কলকাতা হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন শুভেন্দু। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ওই মামলার শুনানি হয়। শুভেন্দু অধিকারীর আইনজীবীরা শাওয়াল করেন, হাইকোর্টে তাঁরা তাঁদের বক্তব্য রাখার সুযোগ পাননি। ১৮ জুলাই মামলা দায়ের হয়েছিল। ২০ জুলাই রায় ঘোষণা হয়। মামলার কথা ই-মেল মাধ্যমে জানানো হয়েছে বলে বলা হয়েছিল। কিন্তু ঘটনা হল, রোজ অন্তত ৫ হাজার ই-মেল আসে। সব কিছুর উপর নজর রাখা সম্ভব নয়।

এদিন শুভেন্দুর আইনজীবীদের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত এদিন কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে যে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে মামলা হয়েছিল তা নতুন করে শুনতে হবে।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি দিয়েছিলেন। আদালতের এই রায়ের পর রাজনৈতিক ভাবে শুভেন্দুর অবস্থান মজবুত হল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। উল্টোদিকে, এদিনের আইনি স্তগিতাদেশ বাংলার শাসক দল তথা সরকারের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।।

আরও পড়ুন : অগ্নিগর্ভ বেহালা : দুর্ঘটনায় মৃত সৌরনীল, দায় কার?

About Post Author