সময় কলকাতা ডেস্ক, ১০ আগস্ট: ইলিশ মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি বোধহয় খুব কমই দেখা যায়। পাতুরি হোক বা ভাজা-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ইলিশ মাছ। বাজারে এখন ভালো ইলিশ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন কলাপাতায় বরিশালি ইলিশ। সবসময় ইলিশ মাছের একই পদ কার ভালো লাগে বলুন তো? তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন বরিশালি ইলিশ। বৃষ্টির দিনে গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে বরিশালি ইলিশ। বরিশালি ইলিশ বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ইলিশ মাছ- ৫ পিস
সাদা সরষে- ২ চা চামচ
সরষের তেল- পরিমাণ মত
কলাপাতা- ১টি(বড়ো সাইজের)
রসুন- ৭ কোয়া
শুকনো লঙ্কা- ৫টি
নুন- স্বাদমত
হলুদ- ২ চা চামচ
লঙ্কার গুঁড়ো- ১ চা চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
কাঁচা লঙ্কা- ২ টি
আরও পড়ুন চেনা স্বাদের অচেনা বদল দেখতে নৈশভোজে বানিয়ে ফেলুন গন্ধরাজ পনির

রন্ধন প্রণালী
কলাপাতায় ইলিশ মাছ ভাজার জন্য প্রথমেই ইলিশ মাছ হালকা করে ধুয়ে নিন। এরপর সাদা সরষের সঙ্গে শুকনো লঙ্কা ও রসুন বেটে নিন। এবার কলাপাতা ধুয়ে সেটি গরম তাওয়ায় সেঁকে নরম করে নিন। ইলিশের টুকরোগুলোতে বেটে রাখা মশলার সঙ্গে পরিমাণ মত লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, সরষের তেল মিশিয়ে ভাল করে মাখিয়ে নিন। এবার যে কড়াইতে মাছ ভাজবেন, তাতে নরম করে রাখা কলাপাতা রাখুন। কলাপাতার ওপরে সরষের তেল দিয়ে তাতে মশলা মাখানো ইলিশের পিসগুলো দিয়ে দিন। অল্প আঁচে দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট পর ঢাকনা তুলে মাছের পিসগুলো সাবধানে উলটে অপরদিক ভাল করে ভাজুন। আপনি ঝাল খেলে ওপর থেকে গোটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিতে পারেন। ২ পিঠ ভাজা হয়ে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বরিশালি ইলিশ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি