সময় কলকাতা ডেস্ক, ১০ আগস্ট: প্রায় চার মাসেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। মণিপুরে অশান্তির ঘটনায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছে বিরোধীরা। মণিপুরের হিংসা নিয়ে মুখে কুলুপ এঁটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের মাঝেই লোকসভা ওয়াকআউট করেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এদিন বিরোধীরা ওয়াকআউট করতেই মণিপুর ইস্যুতে অবশেষে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর,এদিন বিকেল চারটে নাগাদ সংসদে অনাস্থা প্রস্তাবের বক্তৃতা দেওয়ার কথা থাকলেও বিকেল পাঁচটা নাগাদ প্রধানমন্ত্রী ভাষণ দিতে ওঠেন। যদিও মণিপুর ইস্যুতে একটি কথাও ব্যয় করেননি তিনি। কার্যত সেকারণেই ওয়াকআউট শুরু করে বিরোধীরা। এরপরই বিরোধীদের ওয়াকআউট প্রসঙ্গে প্রধানমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, ‘গণতন্ত্রের ওপর যাঁদের ভরসা নেই, তারা শুধু বলতেই পারে।কিছু শুনতে চায় না। মণিপুরের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে। তাই রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন নেই’।

আরও পড়ুন প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরাখণ্ড, মৃতের সংখ্যা বেড়ে ১০
প্রসঙ্গত, মণিপুরে অশান্তির ঘটনায় ইতিমধ্যেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর পদত্যাগের দাবিতে বারবার সরব হয়েছেন বিরোধী দলনেতারা। বুধবার সংসদে তাঁরা সকলেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন ও মণিপুরের মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি করেছেন। এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, মণিপুরে সরকার ভেঙে নতুন সরকার গঠন করা বা মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরানোর কোনও পরিকল্পনা আপাতত নেই। এদিন সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ‘মণিপুরের এন বীরেন সিং সরকার সম্পূর্ণ সহযোগিতা করছে। রাষ্ট্রপতি শাসন তখনই জারি করা হয়, যখন সরকার কোনরকম সহযোগিতা করে না। কিন্তু মণিপুরে অশান্তির ঘটনায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কেন্দ্রের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে।’

যদিও এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা জবাব দেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। এদিন সংসদের বাইরে তিনি বলেন, ‘মণিপুরের মুখ্যমন্ত্রী যদি সহযোগিতা করেই থাকে, তাহলে মণিপুরে ৬০ হাজার মানুষ ত্রাণ শিবিরে বসবাস করছে কেন? এটাই যদি সহযোগিতা হয়ে থাকে, তাইলে প্রধানমন্ত্রীর উচিত এখনই মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করা। এটা কি ধরনের সহযোগিতা, যেখানে মুখ্যমন্ত্রীর ভুল স্বীকার করার সাহস নেই।’
আরও পড়ুন ডুয়ার্সে মালবাহী ট্রেনের ধাক্কায় ফের মৃত্যু অন্তঃসত্ত্বা হাতির


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?