Home » প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরাখণ্ড, মৃতের সংখ্যা বেড়ে ১০

প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরাখণ্ড, মৃতের সংখ্যা বেড়ে ১০

সময় কলকাতা ডেস্ক, ১০ আগস্ট: প্রবল বর্ষণের কারণে দেশের বিভিন্ন রাজ্যের একাধিক অঞ্চল জলমগ্ন। দিল্লির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও গুজরাটে এখনও বন্যা পরিস্থিতি ভয়াবহ। চলতি সপ্তাহেই প্রবল বর্ষণের কারণে জম্মু-কাশ্মীরে জাতীয় সড়কে ধস নেমেছিল। যার কারণে বন্ধ হয়ে যায় অমরনাথ যাত্রা। এবার প্রবল বর্ষণের কারণে বিপর্যস্ত উত্তরাখণ্ড। বিগত ২৪ ঘন্টায় ধস এবং জলমগ্ন হওয়ার কারণে মৃত্যু হয়েছে ১০ জনের। ঋষিকেশের ধলওয়ারা ও খারা এলাকার জলমগ্ন হওয়ার পাশাপাশি গৌরিকুন্ডে নেমেছে প্রবল ধস। বুধবার থেকেই গৌরিকুন্ডে অবিরাম বৃষ্টি চলছে। কেদারনাথ যাত্রার বেস্ট ক্যাম্প কার্যত বিধ্বস্ত। সরকারি হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত আহতের সংখ্যা ১২ নিহত ১০। প্রশাসনকে চরমভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামি। শুধু উত্তরাখন্ড নয় আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত হবে উত্তরাখণ্ড,হিমাচল প্রদেশ, মেঘালয়ে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, বর্ষার তাণ্ডবলীলায় প্রায় একমাস ধরে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ সহ সমগ্র উত্তর ভারত। একটানা ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছে পথঘাট, ভেসে গিয়েছে ঘরবাড়ি। ভূমিধসে ছিন্নভিন্ন পাহাড়ি এলাকা। রাস্তাঘাট ভেঙে পড়ায় বিচ্ছিন্ন বহু জেলা। নেই বিদ্যুৎ, জল, ইন্টারনেট পরিষেবা। প্রাকৃতিক বিপর্যয়ে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। সরকারি তথ্য বলছে, অন্তত ১৩০ জন মারা গেছেন এই রাজ্যে। জানা গিয়েছে, বিভিন্ন জেলার ট্যুরিস্ট স্পটগুলিতে প্রচুর পর্যটক আটকে পড়েছেন। স্পিতি উপত্যকার চন্দ্রতালের কাছে এখনও পর্যন্ত আটকে রয়েছেন বহু পর্যটক। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী। তাঁদের উদ্ধারের সব রকম চেষ্টা চালানো হচ্ছে। হেলিকপ্টারে করে ওই অঞ্চল পরিদর্শন করছেন সরকারি আধিকারিকরা। সেইসঙ্গে দুর্যোগ চলছে উত্তরাখণ্ডেও। একাধিক ভূমিধসের কারণে বদ্রীনাথ জাতীয় সড়ক-সহ বেশ কিছু রাস্তা বন্ধ। পর্যটক ও তীর্থযাত্রীরা চরম ভোগান্তিতে।

আরও পড়ুন      ডুয়ার্সে মালবাহী ট্রেনের ধাক্কায় ফের মৃত্যু অন্তঃসত্ত্বা হাতির

যদিও গত কয়েকদিন আগেই রেকর্ড হারে বৃষ্টিপাতের কারণে জলমগ্ন ছিল রাজধানী। বিগত ৪৫ বছরের রেকর্ড ভেঙে যমুনা নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। রীতিমতো ফুঁসছে যমুনা নদী। ক্রমশ বেড়েই চলেছে যমুনা নদীর জলস্তর। হরিয়ানার হাতনিকুণ্ড বাঁধ থেকে জল ছাড়ার জেরে পরিস্থিতি আরও বেগতিক হয়ে ওঠে। পরিস্থিতি এতটাই খারাপের দিকে গেছে যে শহরেও জল ঢুকছে হু হু করে। এমনকী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন সংলগ্ন এলাকাও ভাসছে যমুনা নদীর জলে। এই জরুরি অবস্থায় হাই অ্যালার্ট জারি করা হয়েছিল রাজধানী শহরে। জানা গিয়েছে,হরিয়ানার বাঁধ থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার কারণেই দিল্লিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। বন্যা পরিস্থিতির জেরে দিল্লির রিং রোডের সিভিল লাইন, মঞ্জু কা টিলা, কাশ্মীরি গেট সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বন্যা পরিস্থিতি মোকাবিলায় মোট ১৯টি কন্ট্রোল রুম খোলা হয়েছিল।

About Post Author