সময় কলকাতা ডেস্ক, ১০ আগস্ট: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যার কারণে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। যার কারণে একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। এদিকে গত কয়েকদিন ধরে গুমোট আবহাওয়ার জেরে ক্রমশ বাড়ছে ভ্যাপসা গরম। দিনভর বৃষ্টি হলেও গুমোট গরমের থেকে স্বস্তি মেলেনি বঙ্গবাসীর। জানা গিয়েছে, ১১ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওয়া বদলের বিশেষ সম্ভাবনা নেই। তবে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানা গিয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। কলকাতা ও তার আশপাশের এলাকায় বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভবনা রয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৮ থেকে ৮৪ শতাংশ। এদিকে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে অতি ভারী নিম্নচাপ তৈরি হয়েছে। যার কারণে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে একনাগাড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি।
আরও পড়ুন বঙ্গের হ্যামলিনের বাঁশিওয়ালা সুভাষ বিক্রি করেন স্বপ্ন

পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে,উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুম্বই, পুনে এবং মহারাষ্ট্রের অন্য শহরগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?