স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ অগস্ট: বিশ্বকাপে স্প্যানিশ ম্যাজিক। প্রথম দল হিসেবে ফিফা মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন। ভারতীয় সময় শুক্রবার ওয়েলিংটনের রিজিওনাল স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে নিজেদের জায়গা পাকা করেছে লা রোজারা।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের জন্য সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেল স্পেনের মেয়েরা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শুরু থেকেই ম্যাচের রাশ ছিল স্পেনের দখলে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের সন্ধান পেতে স্পেনকে অপেক্ষা করতে হয় ৮১ মিনিট পর্যন্ত। ম্যাচের নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে পেনাল্টি পায় স্পেন। মারিওনা ক্যালডেন্টের পেনাল্টির গোলে ম্যাচে এগিয়ে যায় স্পেন।

একটা সময়ে যখন সবাই ধরেই নিয়েছিল যে অনায়াসে ম্যাচ জিতে যাবে লাল জার্সিধারীরা। কিন্তু নাটকের তখনও বাকি ছিল। গোল হজম করেও দমে যায়নি ডাচ মেয়েরা। শেষ ৯ মিনিট স্পেনের বক্সে আক্রমণের পর আক্রমণ করতে থাকেন তাঁরা। অবশেষে কাঙ্ক্ষিত গোলের সন্ধান পায় তাঁরা। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে ডাচদের হয়ে ব্যবধান কমান ভ্যান ডার গ্রাট। নির্ধারিত সময় খেলার ফল ১-১ থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে ডাচ রক্ষণে একাধিকবার হানা দেন স্পেনের ফুটবলাররা। ফলও মেলে।
আরও পড়ুন এফসিআইকে গোলের মালা সবুজ-মেরুনের, কলকাতা লিগের শীর্ষে মোহনবাগান

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ফের ম্যাচে ব্যবধান বাড়ায় স্পেন। ১১১ মিনিটে একক প্রচেষ্টায় অনবদ্য গোল করেন সালমা পারালুয়েলো। এবারের স্পেনের দলের কনিষ্ঠা সদস্য সালমা। আর ১৯ বছরের সালমার গোলেই নির্ধারণ হয়ে গেল ম্যাচের ভাগ্য। এরপর সুযোগ তৈরি করলেও, ম্যাচে আর সমতা ফেরাতে পারেনি ডাচরা। এই জয়ের ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে পৌঁছে গেল স্পেনের মেয়েরা।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র