Home » কলকাতা পুলিশের আওতায় এল ভাঙড়, থাকছে স্পেশাল ব্রাঞ্চ ও ডিটেকটিভ ডিপার্টমেন্ট

কলকাতা পুলিশের আওতায় এল ভাঙড়, থাকছে স্পেশাল ব্রাঞ্চ ও ডিটেকটিভ ডিপার্টমেন্ট

সময় কলকাতা ডেস্ক, ১১ আগস্ট: পঞ্চায়েত ভোটে রাজ্যের যে কয়েকটি এলাকায় সন্ত্রাসের অভিযোগ উঠেছিল, ভাঙড় তার মধ্যে শীর্ষে।  কলকাতা পুলিশের আওতায় ভাঙড়কে আনার জন্য আগেই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু করে দেয় কলকাতা পুলিশ। এজন্য আলাদা ডিভিশন তৈরিরও পরামর্শও দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর নির্দেশ মতনই ভাঙড় ও কলকাতা লেদার কমপ্লেক্সের তিনটি থানা ভেঙে নতুন নয়টি থানা তৈরি করছে লালবাজার। রবিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করার পাশাপাশি এই ন’টি থানা নিয়ে যে নতুন ডিভিশন চালু হচ্ছে, তার মানচিত্রও প্রকাশ করেছিল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ভাঙড় ডিভিশনে একটি মহিলা থানাও করছে লালবাজার। সেইসঙ্গে ভাঙড় ডিভিশনে থাকবেন দেড় হাজারেরও বেশি পুলিশকর্মী, স্পেশাল ব্রাঞ্চ ও ডিটেকটিভ ডিপার্টমেন্ট। সব মিলিয়ে ভাঙড় ডিভিশনে মোট ১৭৭৫ জন পুলিশ আধিকারিক ও কর্মী নিয়োগ করা হচ্ছে|

ভাঙড় ডিভিশনের মহিলা থানা সমেত মোট দশটি থানা হল- কলকাতা লেদার কমপ্লেক্স, হাতিশালা, পোলেরহাট, উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, নারায়ণপুর, ভাঙড়, বোদরা, চন্দনেশ্বর ও ভাঙড় মহিলা থানা। প্রতিটি থানায় কতজন ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, মহিলা সাব ইন্সপেক্টর, কনস্টেবল পদ মর্যাদার পুলিশকর্মী থাকছেন, ইতিমধ্যেই তা জানিয়ে দেওয়া হয়েছে। স্পেশাল ব্রাঞ্চও থাকছে ভাঙড় ডিভিশনে। লালবাজার সূত্রে জানা গিয়েছে,ভাঙড় ডিভিশনে আইপিএস পদ মর্যাদার একজন ডেপুটি পুলিশ কমিশনার থাকছেন। ভাঙড় ডিভিশনের নটি থানার প্রত্যেকটিতে ২ জন করে ইনস্পেক্টর থাকছেন। এছাড়াও ১০ জন করে সাব ইন্সপেক্টর, ১০ জন মহিলা সাব ইন্সপেক্টর, ১২ জন অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর, ৩ জন মহিলা অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর, ৮০ জন কনস্টেবল, ৩০ জন মহিলা কনস্টেবল ও ২ জন করে ট্রাফিক সার্জেন্ট থাকবেন। ভাঙড় মহিলা পুলিশ থানায় থাকবেন একজন মহিলা ইন্সপেক্টর, ৫ জন মহিলা সাব ইন্সপেক্টর, ৫ জন মহিলা অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর ও ১৫ জন মহিলা কনস্টেবল। এই ডিভিশনের গোয়েন্দা দফতরে থাকছেন ৮ জন ইন্সপেক্টর, ১৫ জন সাব ইন্সপেক্টর, ২০ জন অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর ও ৫০ জন কনস্টেবল।

আরও পড়ুন     ধূপগুড়িতে উপনির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ,জাতীয় সড়কের ওপর হাতাহাতি


প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। অশান্তির জেরে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। গত ১১ জুলাই গণনার দিনও নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই আইএসএফ কর্মী সহ তিনজনের মৃত্যু হয়। পরে দু’দফায় আরও চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গিয়েছে। ভাঙড়ের ঘটনার জেরে নানান প্রশ্নের মুখে পড়েছিল রাজ্যের আইন শৃঙ্খলাও। কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, আপাতত নয়টি থানার মধ্যে তিনটি থানার নিজস্ব ভবন রয়েছে। বাকি থানার বাড়িগুলির জন্য জায়গা দেখাশোনা শুরু হয়ে গিয়েছে। এছাড়াও ডিভিশনের সদর অফিসের জন্য গোটা একটি বাড়ি নেওয়ার পরিকল্পনাও করেছে লালবাজার। সব থানায় ওসি, অতিরিক্ত ওসি, দশজন করে এসআই, এএসআই ও কনস্টেবল নিয়োগ করা হবে। এছাড়াও ডিভিশনে দু’জন ডিসি পদমর্যাদার পুলিশকর্তার অধীনে থাকতে পারবেন চার-পাঁচ জন এসিপি। থানা পিছু অন্তত পাঁচটি করে গাড়ি ও যথেষ্ট বাইক দেওয়া হবে।

About Post Author