Home » মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে বিতর্কিত পোস্ট, প্রিয়াঙ্কা গান্ধির নামে মামলা দায়ের বিজেপির

মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে বিতর্কিত পোস্ট, প্রিয়াঙ্কা গান্ধির নামে মামলা দায়ের বিজেপির

সময় কলকাতা ডেস্ক, ১৩ আগস্ট: ‘মোদি পদবি’ মামলায় এখনও পুরোপুরি স্বস্তি মেলেনি রাহুল গান্ধির। তারই মধ্যে এবার মধ্য প্রদেশের বিজেপি সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে জড়িয়ে পড়লেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে সরকারি কাজে ৫০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ তোলায় প্রিয়াঙ্কার টুইটার হ্যান্ডেলের দেখাশোনার দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করল বিজেপি। প্রিয়াঙ্কার এই পোস্ট ঘিরে তীব্র বিরোধিতা করছে বিজেপি। প্রিয়াঙ্কা গান্ধি ছাড়াও মধ্য প্রদেশের কংগ্রেস প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদবের নামও এফআইআরে উল্লেখ করা হয়েছে। কিছুদিন আগে থেকেই মধ্যপ্রদেশে বিজেপির বিরুদ্ধে ৫০ শতাংশ কমিশন নিয়ে সরকারি কাজ করানোর অভিযোগ তুলে আসছিল কংগ্রেস।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি ভাইরাল হয়। জ্ঞানেন্দ্র আবেস্তি নামের এক ব্যক্তির লেখা ওই চিঠিতে দাবি করা হয়েছে, মধ্যপ্রদেশে যে কোনও সরকারি কাজ করতে হলে ঠিকাদারদের ৫০ শতাংশ কমিশন দিতে হয়। সেই চিঠিটির ছবি টুইট করেন প্রিয়াঙ্কা। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথও ছবিটি শেয়ার করেন। এরপরই নীমেশ পাঠক অভিযোগ দায়ের করেন। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা ও ৪৬৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও প্রিয়াঙ্কার অভিযোগ মিথ্যা বলেও দাবি করেছে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। পাশাপাশি রাজ্যের কংগ্রেস নেতাদের কাছে প্রিয়াঙ্কার বক্তব্যের সমর্থনে তথ্য প্রমাণও চেয়েছেন তিনি। ইতিমধ্যেই জ্ঞানেন্দ্র আবেস্তি নামের ওই ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন    মণিপুর ইস্যুতে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল গান্ধি

ওই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় প্রিয়াঙ্কা গান্ধি এবং কমল নাথের বিরুদ্ধে ভুয়ো খবর চড়ানোর অভিযোগ আনা হয়েছে। শনিবার ইন্দোর পুলিশের তরফে জানানো হয়েছে, মধ্য প্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একটি চিঠি পোস্ট করেন কংগ্রেস। তাদের ওই পোস্টের ভিত্তিতেই শনিবার রাতে বিজেপির লিগাল সেলের কনভেনার নীমেশ পাঠক পুলিশে অভিযোগ জানান। সোশ্যাল মিডিয়ায় জ্ঞানেন্দ্র অবস্তি নামক এক ব্যক্তির ভুয়ো চিঠি ভাইরাল করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। ওই চিঠিতে দাবি করা হয়েছে যে মধ্যপ্রদেশে যে কোনও সরকারি কাজ করতে হলে ঠিকাদারদের ৫০ শতাংশ কমিশন দিতে হয়।

About Post Author