Home » স্বাদ বদলাতে ডিনারে বানিয়ে ফেলুন মেথি পনির

স্বাদ বদলাতে ডিনারে বানিয়ে ফেলুন মেথি পনির

সময় কলকাতা ডেস্ক, ১৪ আগস্ট: পনির কমবেশি সবারই ভীষণ প্রিয়। কিন্তু পনিরের ঝোল বা ভাপা রোজের পাতে মোটেই ভাল লাগে না। পনিরের নতুন রেসিপির খোঁজ করেন সকলেই। তাই স্বাদ বদলাতে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন মেথি পনির। শাক আর পনিরের এই মেলবন্ধনে তৈরি মেথি পনির চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই মেথি পনির। মেথি পনির বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
পনির- ৫০০ গ্রাম
আদা বাটা-১ টেবিল চামচ
রসুন বাটা-২ টেবিল চামচ
কাঁচা লঙ্কা-৩-৪টি
ধনে পাতা কুচি-আধ কাপ
পেঁয়াজ-৩টি
টক দই-১ কাপ
মেথি শাক- এক আঁটি
কসুরি মেথি-২ চামচ
ধনে গুঁড়ো-১ চা চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
হলুদ-আধ চা চামচ
লঙ্কা- ১ চা চামচ
নুন ও চিনি-স্বাদ মতো
তেজ পাতা-৩টি
শুকনো লঙ্কা-৩টি
গোটা জিরে-১ চা চামচ
তেল-১০০ গ্রাম
ফ্রেশ ক্রিম- আধ কাপ

আরও পড়ুন       ত্বকে শিথিলতা দূর করতে ভরসা রাখুন এই খাবারগুলির ওপর


প্রণালী

মেথি পনির বানানোর জন্য প্রথমেই টক দই, রসুন বাটা, নুন ও অল্প তেল দিয়ে পনির ১৫ মিনিট মাখিয়ে রেখে দিন। মেথি শাক নুন জলে মিনিট পাঁচেক ভাপিয়ে জল ঝরিয়ে নিন। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিন। তাতে একে একে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। পেঁয়াজ লালচে হয়ে এলে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি আর ভাপানো মেথি শাক দিয়ে ভাল করে নাড়াচড়া করুন। মিনিট পাঁচেক পরে ম্যারিনেট করে রাখা পনির দিয়ে দিন। এতে অর্ধেক পাতিলেবুর রস দিন। পনির কিছুক্ষণ কষিয়ে ঢাকা দিয়ে দিন। কিছুক্ষণ পর তেল ছেড়ে এলে ফেটানো টক দই আর কসুরি মেথি দিয়ে আবার ঢাকা দিয়ে দিন। মিনিট পাঁচেক পরে ঢাকনা খুলে ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নিন। রুটি, পরোটা বা নানের সঙ্গে একেবারে জমে যাবে মেথি পনির।

About Post Author