Home » প্রয়াত সুলভের প্রতিষ্ঠাতা বিন্দেশ্বর পাঠক

প্রয়াত সুলভের প্রতিষ্ঠাতা বিন্দেশ্বর পাঠক

সময় কলকাতা ডেস্ক, ১৬ আগস্ট : ভারত জুড়ে সুলভ শৌচাগরের নেপথ্যে থাকা এক বিরাট সামাজিক কর্মকাণ্ডের  কান্ডারী বিন্দেশ্বর পাঠক আর নেই। তিনি ছিলেন প্রকৃত অর্থে এক সামাজিক বিপ্লবের জনক।সুলভ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা বিন্দেশ্বর পাঠক মঙ্গলবার, স্বাধীনতা দিবসের দিন,৮০ বছর বয়সে প্রয়াত হলেন। হৃদরোগের কারণেই তার  মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

বিন্দেশ্বর পাঠক যে কর্মকাণ্ড ভারত জুড়ে ছড়িয়ে দিয়েছিলেন তার সুফল আধুনিক ভারত উপলব্ধি করতে পারে মর্মে মর্মে। মেথর বলে যাদের দূরে সরিয়ে রাখা হত তাদের স্বীকৃতি ও উন্নয়নের নেপথ্যে ছিলেন তিনি।পাবলিক টয়লেট নির্মাণে অগ্রগামী ছিলেন বিন্দেশ্বর পাঠক সুলভ ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেন যা কিনা একটি সমাজসেবা সংস্থা, শিক্ষার মাধ্যমে মানবাধিকার, পরিবেশগত স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং সংস্কারের জন্য কাজ করে। সুলভ কেবল মাত্র একটি  সংস্থা নয়, একটি সামাজিক উন্নয়নের নাম হয়ে উঠেছে  সুলভ যার নেপথ্যে ছিলেন যে মানুষটি, তিনি না ফেরার দেশে পাড়ি দিলেন দেশবাসীর  স্বাধীনতা দিবস উদযাপনের ফাঁকে।

সামাজিক রূপকথার জনকের দেশাত্মবোধের অঙ্গ ছিল তাঁর হাতে গড়া প্রতিষ্ঠান। তাঁর এক সহকারী বলেছেন যে পাঠক স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং এরপরেই তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন।তাঁকে দ্রুত দিল্লির এইমস-এ নিয়ে যাওয়া হয়।হাসপাতালের একটি সূত্র জানায়, দুপুর ১.৪২ মিনিটে বিন্দেশ্বর পাঠককে  মৃত ঘোষণা করা হয়।

বিহারের বৈশালী জেলার রামপুর বাঘেল গ্রামে জন্ম তাঁর।১৯৬৪ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক হন। অতঃপর সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। তাঁর জ্ঞান অর্জনের ইচ্ছে ছিল অনন্ত,ফলে স্নাতক স্তরের দীর্ঘ সময়ের অবকাশেও তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষাগ্রহণে ব্রতী হন।১৯৮০ সালে স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৯৮৫ সালে পিএইচডি অর্জন করেন।এরমাঝেই দেশের স্যানিটেশন সমস্যা সমাধানের লক্ষ্যে তিনি ১৯৭০ সালে সুলভ ইন্টারন্যাশনাল সোশ্যাল সার্ভিস প্রতিষ্ঠা করেন।১৯৯১সালে, পাঠককে মেথর জনজাতির মুক্তি ও পুনর্বাসনের জন্য এবং পোর-ফ্লাশ টয়লেট প্রযুক্তি প্রদানের মাধ্যমে পরিবেশ দূষণ প্রতিরোধ করার জন্য তার কাজের জন্য পদ্মভূষণ দেওয়া হয়।।

আরও পড়ুন : বড়ে মিঞা মহম্মদ হাবিব আর নেই, ফুটবলে ইন্দ্রপতন

About Post Author