Home » বগুলায় যাদবপুরে মৃত ছাত্রের বাড়িতে নওসাদ সিদ্দিকী

বগুলায় যাদবপুরে মৃত ছাত্রের বাড়িতে নওসাদ সিদ্দিকী

সময় কলকাতা ডেস্ক, ১৭ আগস্ট : প্রশ্ন অন্তহীন।  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় ব়্যাগিংয়ের অভিযোগে আন্দোলিত সমাজ। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে সরব বিভিন্ন মহল। কর্তৃপক্ষের গাফিলতি নিয়েও উঠছে প্রশ্ন। বগুলায় নিহত ছাত্রের বাড়িতে যেমন পড়ুয়ারা যাচ্ছে ,তেমনটাই রাজনৈতিক নেতানেত্রীরা যাচ্ছেন সান্তনা দিতে। এমন আবহে বৃহস্পতিবার নদিয়ার হাঁসখালির বগুলা গ্রামে নিহত ছাত্রের বাড়িতে গিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।পাশাপাশি নওসাদ সিদ্দিকী ব়্যাগিং প্রথার বিরুদ্ধে সরব হন।

 

বগুলায় ভাঙড়ের বিধায়ক বলেন, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এই সিস্টেমটা চলে আসছে। এই ব়্যাকেটটা ভাঙা দরকার। এর জন্য সর্বপ্রথম দায়ী অথরিটি। শিক্ষামন্ত্রী এবং রাজ্যপালের এটা দেখা উচিত। অবিলম্বে অ্যান্টি ব়্যাগিং কমিটিকে গুরুত্ব দেওয়া হোক। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর কথায়, যাদবপুরের এই ছেলেগুলোকে কারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির দিকে ঠেলে দিচ্ছে, কারা এদের ব্রেন ওয়াশ করছে, সেটার তদন্ত হওয়া জরুরি। নওসাদ বলেন, “মুখ্যমন্ত্রী সরাসরি এটা দেখছেন, আমি আশা করব উনি স্বল্প সময়ের মধ্যে রাজনীতির রঙ না দেখে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করবেন।”

উল্লেখ্য,আগেই পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বলতে রানাঘাটে তাঁর মামার বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, যুবনেত্রী সায়নী ঘোষ এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন নওসাদ সিদ্দিকী বগুলায় গিয়ে সম্পূর্ণভাবে সিস্টেম ও চলে আসতে থাকা ব়্যাগিংয়ের বিরুদ্ধে মুখর হয়ে এই ট্র্যাডিশনকে উচ্ছেদ করার কথা বলেন

আরও পড়ুন : কলকাতায় এলেন রাষ্ট্রপতি, উদ্বোধন করলেন রণতরী ‘ আইএনএস বিন্ধ্যগিরি ‘

About Post Author