সময় কলকাতা ডেস্ক, ১৯ আগস্ট: গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হলেও আপেক্ষিক আর্দ্রতার জেরে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। রবিবার থেকেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় বাড়বে তাপমাত্রার পারদ। চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে তৈরি হওয়া নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। কার্যত সেকারণেই সেভাবে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। গত সোমবার থেকেই পশ্চিমবঙ্গ, ওডিশা এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছিল ভারী বৃষ্টি। একধাক্কায় অনেকটাই নেমেছিল তাপমাত্রার পারদ। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। বাড়বে তাপমাত্রা।

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার দিনভর আকাশ মেঘলা থাকবে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় দুপুরের পর থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গুমোট আবহাওয়া জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। তবে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানা গিয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৮ থেকে ৯২ শতাংশ।
আরও পড়ুন বন্যায় বিপর্যস্ত উত্তরাখন্ড,একটানা প্রবল বৃষ্টিতে আচমকাই ভূমিধস অরুণাচল প্রদেশে

পূর্বাভাস বলছে, আগামী ২১ থেকে ২৬ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ২২ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুম্বই, পুনে এবং মহারাষ্ট্রের অন্য শহরগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে,উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,মালদহ, দুই দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
বিজেপি ইতিহাস জানে না, ভারতকে ধ্বংস করে দিচ্ছে : কাকলি ঘোষ দস্তিদার
জাল লটারির ব্যবসা, অভিযোগ দায়ের