Home » ভোট পরবর্তী হিংসার জের, তৃণমূল কর্মীদের মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগে চাঞ্চল্য মালদায়

ভোট পরবর্তী হিংসার জের, তৃণমূল কর্মীদের মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগে চাঞ্চল্য মালদায়

সময় কলকাতা ডেস্ক, ২০ আগস্ট:পঞ্চায়েত ভোট মিটে গেলেও জেলায় জেলায় এখনও ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে। এবার গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতেই আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকরা। কাঠগড়ায় কংগ্রেস সিপিএম জোট। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে। শনিবার ওই পঞ্চায়েতে ছিল পঞ্চায়েতের বোর্ড গঠন। ২০টি আসন বিশিষ্ট মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে, ১ টি নির্দল প্রার্থীর সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পঞ্চায়েত দখল করেছে কংগ্রেস- সিপিআইএম জোট। এদিন বিকেলে পঞ্চায়েত দখলের পর থেকেই বাঁধনহারা উল্লাসে মেতে উঠে জোট কর্মী সমর্থকরা। মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বের হয় বিরাট বিজয় মিছিল। তৃণমূলের অভিযোগ, সেই বিজয় মিছিল থেকেই তাদের উপর আক্রমণ চালানো হয়। বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয়।

ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আক্রমণকারীদের কঠোর শাস্তির দাবি তুলেছে তৃণমূল নেতৃত্ব। যদিও তাদেঁর বিরূদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস সিপিএম জোট। এ প্রসঙ্গে আক্রান্ত তৃণমূল কর্মী অশোক মন্ডল জানান, ‘ শনিবার বিকেলে আমার বাড়ির সামনে জোটের বিজয় মিছিল যাচ্ছিল। সেই সময় মিছিল থেকে বাড়ির দিকে ইট,পাথর ছোঁড়া হয়। বাড়িতে টালির চাল ভেঙে গেছে। আমি তৃণমূল করি বলেই আমার বাড়িতে আক্রমণ করেছে। তৃণমূল নেতা স্বপন আলীর অভিযোগ, ‘মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত জোটের দখলে যেতেই ওই পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় আমাদের কর্মীদের বেধড়ক মারধর করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি এই ধরনের সন্ত্রাস চালাচ্ছে। আমরা এদের শাস্তি চাই।’

আরও পড়ুন    মর্মান্তিক দুর্ঘটনা লাদাখে, ৯ ভারতীয় সেনার মৃত্যু

অন্যদিকে, যাবতীয় অভিযোগ অস্বীকার করে সিপিআইএমের উত্তর এরিয়া কমিটির সম্পাদক প্রণব দাস জানান, ‘আমরা সন্ত্রাসে বিশ্বাস করিনা। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পুলিশ সবটাই খতিয়ে দেখবে। তৃণমূল সন্ত্রাস করে বোর্ড দখল করার চেষ্টা করেছিল। তৃণমূলের জন্ম সন্ত্রাস থেকেই।’ প্রসঙ্গত, নির্বাচন হোক বা ভোট পরবর্তী সময় এই রাজ্যে অব্যাহত রাজনৈতিক সন্ত্রাস। বিধানসভা ভোট হোক বা পঞ্চায়েত, পরিস্থিতির কোন পরিবর্তন নেই। যখন যেখানে যে শাসক, তখন সেখানে তার অত্যাচার। গণতন্ত্রের উৎসবে বারবার লেগে থাকছে রক্তের দাগ।

About Post Author