Home » কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ

সময় কলকাতা ডেস্ক, ২১ আগস্ট: গত কয়েকদিন ধরেই তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। পারদের ওঠানামায় সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। কিন্তু সোমবার থেকেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বাড়ার পাশাপাশি বৃষ্টির পরিমাণও বাড়বে বলেই জানা গিয়েছে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই সরে গিয়েছে। কার্যত সেকারণেই আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গুমোট আবহাওয়া জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। তবে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানা গিয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭২ থেকে ৯৪ শতাংশ।

আরও পড়ুন   ৬-০ গোলে জিতেও মহামেডানের বিদায় , ডেভিডের কাছে নতজানু জামশেদপুর, অল্পের জন্য রক্ষা মোহনবাগানের

পূর্বাভাস বলছে, ২১ আগস্ট অর্থাৎ আজ থেকে ২৬ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ২২ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে মালদা ও দুই দিনাজপুরেও। ইতিমধ্যেই সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুম্বই, পুনে এবং মহারাষ্ট্রের অন্য শহরগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author