Home » তামিলনাড়ুর মাদুরাইতে পর্যটন ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১০ যাত্রী

তামিলনাড়ুর মাদুরাইতে পর্যটন ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১০ যাত্রী

সময় কলকাতা ডেস্ক, ২৬ আগস্ট: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। তামিলনাড়ুর মাদুরাইতে পর্যটন ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গুরুতর আহত আরও ২০ জন। জানা গিয়েছে, শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ট্রেনটি মাদুরাই রেলস্টেশনের বাইরে বোড়ি লেনে দাঁড়িয়েছিল। আচমকাই দাঁড়িয়ে থাকা ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রাণ বাঁচাতে যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ে।

ঘটনার জেরে ট্রেনে আটকে পড়ে বহু যাত্রী। উদ্ধার কার্যে হাত লাগায় এলাকার মানুষ। এখনও পর্যন্ত ৫৫ জনকে ক্ষতিগ্রস্ত কামরা থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের একাধিক পদস্থ আধিকারিক। আহতদের উদ্ধার করে মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে অনেকেই রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়। এদিন ঠিক কি কারণে ট্রেনে আগুন লাগল, ইতিমধ্যেই তার কারণ খতিয়ে দেখছে রেলের আধিকারিকরা।

আরও পড়ুন   চাঁদে প্রতিবেশী রাষ্ট্রের মহাকাশচারী, মজার ভিডিও নিয়ে মশগুল সোশ্যাল মিডিয়া

তবে, সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, যাত্রীরা ট্রেনে করে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিলেন। সেই থেকেই আগুন লেগে থাকতে পারে বলেই অনুমান করা হচ্ছে। দক্ষিণ রেলের তরফে মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে দক্ষিণ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বি গুগনশেন জানিয়েছেন, শনিবার ভোর ৫ টা ১৫ মিনিট আগুন লাগে। ৫ টা ৪৮ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে সকাল ৭টা ১৫ মিনেটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অন্য কোনও বগিতে আগুন ছড়ায়নি বলেই জানিয়েছেন তিনি।

About Post Author