Home » ‘মিড ডে মিলের’ পর তামিলনাড়ুর সরকারি প্রাইমারি স্কুলে চালু হল বিনামূল্যে ‘ব্রেকফাস্ট’

‘মিড ডে মিলের’ পর তামিলনাড়ুর সরকারি প্রাইমারি স্কুলে চালু হল বিনামূল্যে ‘ব্রেকফাস্ট’

সময় কলকাতা ডেস্ক, ২৬ আগস্ট: দীর্ঘ জল্পনার অবসান। স্কুল পড়ুয়াদের জন্য দারুণ সুখবর! এবার তামিলনাড়ুর সরকারি প্রাইমারি স্কুলে চালু হল বিনামূল্যে ‘ব্রেকফাস্ট’। পড়ুয়ারা ক্লাস শুরুর আগে স্কুলে ব্রেকফাস্ট করবে। তারপর ক্লাস হয়ে গেলে ‘মিড ডে মিল’ খেয়ে বাড়ি যাবে পড়ুয়ারা। স্ট্যালিন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক থেকে শুরু করে অভিভাবকরাও। তামিলনাড়ুতে প্রাথমিকের রাজ্যের ডিএমকে সরকার ৩১ হাজার প্রাইমারি স্কুলের ১৭ লক্ষ পড়ুয়াকে ক্লাস শুরুর আগে ব্রেকফাস্ট দেওয়ার প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। জানা গিয়েছে, মোট ১৫ জেলার ২৯২টি গ্রাম পঞ্চায়েত স্কুলে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিলনাড়ুতে এই প্রকল্প চালু হওয়ায় নিঃসন্দেহে প্রান্তিক এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা লাভবান হবে বলেই মনে করছে সে রাজ্যের শিক্ষা মহল।


প্রথম ধাপের কাজ শেষ হলে পরবর্তী কালে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে এই প্রকল্প কার্যকর করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। কার্যত পড়ুয়াদের স্কুলমুখী করতে এবং শিশুদের মধ্যে অপুষ্টি রুখতে এই প্রকল্প চালু করল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সরকার। এই প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় পরিকল্পনাও নেওয়া হবে বলেই জানা গিয়েছে। স্কুল শিক্ষা দফতরের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, সকাল ৫.৩০ থেকে ৭.৪৫-এর মধ্যে শেষ করা হবে ‘ব্রেকফাস্ট’ তৈরির কাজ। স্কুল চলাকানী সকাল ৮.১৫ থেকে ৮.৪৫-এর মধ্যে শিশুদের ‘ব্রেকফাস্ট’ দেওয়া হবে। এই প্রকল্পে স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও সামিল করা যাবে বলেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন   তামিলনাড়ুর মাদুরাইতে পর্যটন ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১০ যাত্রী

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর তামিলনাড়ুর ডিএমকে সরকারের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন কয়েকটি স্কুলে পরীক্ষামূলকভাবে ব্রেকফাস্ট দেওয়ার প্রকল্প চালু করেছিলেন। ১৫ সেপ্টেম্বর হল ডিএমকে’র প্রতিষ্ঠাতা সিএন আন্নাদুরাইয়ের জন্মদিন। শুক্রবার স্ট্যালিন গিয়েছিলেন নাগাপট্টনম জেলার থিরুক্কুভালাই গ্রামে। থিরুক্কুভালাই হল স্ট্যালিনের বাবা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত এম করুণানিধির জন্মস্থান। সেখানে একটি স্কুলে বাচ্চাদের ব্রেকফাস্ট খাইয়ে স্ট্যালিন গোটা রাজ্যে প্রকল্পের সূচনা করেন। তামিলনাড়ু সরকার চলতি বাজেটে এই খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। এর আগে গোটা দেশে মিড-ডে মিল প্রকল্প চালুতেও প্রথম পথ দেখিয়েছিল তামিলনাড়ুই। সেই কৃতিত্ব ছিল রাজ্যের আর এক মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেত্রী প্রয়াত জে জয়ললিতার। তামিলনাড়ু সরকারের মিড-ডে মিল প্রকল্পকেই গোটা দেশে চালু করতে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে বলেছিল জাতীয় মানবাধিকার কমিশন এবং সুপ্রিম কোর্ট।

About Post Author