Home » ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক, ২৭ আগস্ট: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে তুমুল দুর্যোগ। শুক্রবার দুপুরের পর থেকেই ভারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা। যার জেরে একধাক্কায় অনেকটাই কমেছে গরম। ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে সব জেলায় রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে গরম। ভ্যাপসা গরমে রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা। তবে, গুমোট আবহাওয়া জেরে বেড়েছে ভ্যাপসা গরম। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানা গিয়েছে। আজ কলকাতা ও তার আশেপাশের এলাকায় দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭২ থেকে ৮৪ শতাংশ।

আরও পড়ুন   শান্তনু ঠাকুরের কনভয়ে ‘ধাক্কা’ ,এয়ারপোর্ট থেকে ধাওয়া করছিল গাড়িটি বলে অভিযোগ জাহাজ মন্ত্রীর


পূর্বাভাস বলছে, ২৭ অগাস্ট অর্থাৎ আজ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author