সময় কলকাতা ডেস্ক, ২৯ আগস্টঃ ‘ইন্ডিয়া’ জোটের হাইভোল্টেজ তৃতীয় বৈঠকের দিনক্ষণ ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। জানা গিয়েছে, আগামী ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর মুম্বইয়ে ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠক হবে। এই মেগা বৈঠক ঘিরে বিরোধী শিবিরে প্রস্তুতি তুঙ্গে। বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি দলগুলির মধ্যে আসন ভাগাভাগি নিয়েও প্রাথমিক স্তরে আলোচনা হতে পারে। বৈঠকে ৪৫০টি আসনের প্রসঙ্গ উঠতে পারে। এর পাশাপাশি জোটের বিভিন্ন দলের মধ্যে সমন্বয় রাখার জন্য ১১ সদস্যের একটি সমন্বয় কমিটিও গঠন করা হবে এই বৈঠকে।

এছাড়াও প্রচারের মতো বিভিন্ন বিষয়গুলি দেখার জন্য কমপক্ষে ৫টি অন্যান্য কমিটি তৈরি করার বিষয়ে আলোচনা করা হবে। সুত্রের খবর, দিওয়ালির আগে আরও একটি বৈঠক হতে পারে। জোটের পরবর্তী বৈঠক পাঞ্জাবের অমৃতসরে হওয়ার সম্ভাবনা রয়েছে। ‘ইন্ডিয়া’ জোটের বেশ কয়েকজন নেতা চাইছেন, অন্তত একটি বৈঠক কলকাতায় হোক। মুম্বইয়ে তৃতীয় বৈঠকের সময় অশোকচক্র ছাড়া জাতীয় পতাকাকে জোটের পতাকা হিসাবে গ্রহণ করার চিন্তাভাবনা করা হবে। সূত্রের খবর, মু্ম্বইয়ে তৃতীয় বৈঠকের পরেই ইন্ডিয়া জোটের দেশজুড়ে সভা-সমাবেশ পর্ব শুরু হতে পারে। মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধি, অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ২৬টি রাজনৈতিক দলের প্রথম সারির নেতা মুম্বইয়ে হাজির থাকবেন বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা
এর আগে নীতীশ কুমারের ডাকে বিহারে আয়োজিত হয়েছিল প্রথম বৈঠক। এরপর বেঙ্গালুরুতে জুলাই মাসে আয়োজিত হয় বিরোধীদের দ্বিতীয় বৈঠক। সূত্রের খবর, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরেদের আয়োজনে বৈঠকে অংশ নিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও জোটের অন্যান্য মুখ্যমন্ত্রীরাও মুম্বইয়ে যাবেন। এর আগে বেঙ্গালুরুতে বিরোধীদের দ্বিতীয় বৈঠকের পরই ঠিক হয়েছিল যে, আগস্ট মাসের শেষ সপ্তাহে অর্থাৎ ২৫-২৬ তারিখে মুম্বইয়ে ফের বৈঠকে বসা হবে। কিন্তু সেসময় জোটের বেশ কয়েকজন নেতা সময় দিতে পারছেন না। কার্যত সেকারণে ওই মেগা বৈঠক পিছিয়ে দেওয়া হয়। এই বৈঠকের লড়াইয়ে আছেন প্রবীণ নেতা শরদ পওয়ার এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সহ আরও কয়েকজন। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ‘ইন্ডিয়া’ জোটের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে মুম্বইয়ে এই তৃতীয় বৈঠকে।


More Stories
ঋতব্রতদের সম্পর্কে কুণাল ঘোষের বক্তব্য কেন তাৎপর্যপূর্ণ?
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
অভিষেকের পরে কল্যাণ