সানী রায়,সময় কলকাতা,৩০ আগস্ট : ধূপগুড়ি উপনির্বাচন আর এক সপ্তাহ বাকি নেই। আর এসময় উত্তেজনা বাড়ছে ধূপগুড়িতে ।তৃণমূলের পতাকা খোলা নিয়ে উত্তেজনা ও রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে ।ধুপগুড়ি থানার অন্তর্গত ঝাড় আলতা এক নং গ্রাম পঞ্চায়েতের উত্তর কাঠুলিয়া এলাকায় পঞ্চায়েত ভোটের সময় তৃণমূলের নির্বাচনী কার্যালয় খোলা হয়। অভিযোগ সে সময়ও দলীয় পতাকা ছিড়ে দেয় বিজেপি। মঙ্গলবার আরও একবার রাতের অন্ধকারে একই কার্যালয় থেকে মোট কুড়িটি দলীয় পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।
উল্লেখ্য, ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে বিজেপির নির্বাচনী কার্যালয়, সেখানে লাগানো হয়েছে দলের ব্যানার । দলীয় পতাকা লাগানোর প্রতিযোগিতায় নেমেছে দুই দল।এদিন সকালে পতাকা ছিড়ে ফেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর কাঠুলিয়া।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে ধুপগুড়ি থানার পুলিশ। এরপর তৃণমূলের তরফে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য সঞ্জয় রায় বলেন, “পঞ্চায়েত নির্বাচন থেকেই বিজেপি নোংরা রাজনীতি করছে। দলীয় পতাকা তো আবার কখনও দলীয় কার্যালয় ভাঙচুর করার ঘটনায় শামিল হচ্ছে। বিজেপি বুঝে গেছে তাদের পায়ের নিচের মাটি সরে গিয়েছে। তারা প্রতিহিংসার রাজনীতি করছে। আমরা গোটা বিষয় আইনি সহায়তা নিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করলাম।”এদিকে গোটা ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলেই দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব বিকাশ রায়।
অভিযোগ,গত পঞ্চায়েত নির্বাচনে ধুপগুড়ি ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতে শাসক দলের নেতাকর্মীর উপর আক্রমণ থেকে দলীয় কার্যালয় ভাঙচুর করে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা। তথাপি বিপুল ভোটে জয়ী হয় শাসক দল। তবে এবার জনমত তাঁদের পক্ষে যাবে মনে করছে তৃণমূল।ধুপগুড়ি উপ নির্বাচনেও তৃণমূল মনোনীত প্রার্থী নির্মল চন্দ্র রায় বিপুল ভোটে জয়ী হতে চলেছে দাবি তৃণমূল নেতৃত্বের। তবে সাধারণ মানুষ হানাহানি আশঙ্কা করছে। পঞ্চায়েত ভোটের পর উপ নির্বাচনের আগেও এ ধরনের রাজনৈতিক উত্তেজনায় সাধারণ মানুষ আতঙ্কিত। টুকরো টুকরো ঘটনা বড় উত্তেজনার অশনি সংকেত বলে মনে করছেন সাধারণ মানুষ। সবমিলিয়ে ধুপগুড়ি উপনির্বাচন ঠিক আগে উত্তেজনার পারদ বাড়ছে।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী