Home » বাজি বিস্ফোরণ কাণ্ডের পরে বারাসাতের অদূরে বাজি বোঝাই তিনটি ট্রাক আটক

বাজি বিস্ফোরণ কাণ্ডের পরে বারাসাতের অদূরে বাজি বোঝাই তিনটি ট্রাক আটক

সময় কলকাতা ডেস্ক,৩০ আগস্ট : নির্ঘাত সর্ষের মধ্যে ভূত আছে। নইলে কী আর এভাবে চলতে থাকে! নইলে কী আর বাজি বিস্ফোরণের পরেও একটি নয় দুটি নয় – তিনটি নিষিদ্ধ বাজি বোঝাই ট্রাক ধরা পড়ে!

বারাসাত লাগোয়া মোজপোলে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে শিশু থেকে বৃদ্ধ – সব বয়সের বেশ কিছু মানুষ। সরকারি তালিকায় নিহতের সংখ্যা ৯। এদিকে স্থানীয় মানুষজন বলছেন সংখ্যাটা অনেক বেশি। এতদসত্ত্বেও বেপরোয়া অসাধু ব্যবসায়ীরা। পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে বারাসাত ও লাগোয়া এলাকা দিয়ে  পারাপার করছে বাজি বোঝাই গাড়ি। এবার এসটিএফ সতর্ক থাকায় মঙ্গলবার আমডাঙ্গা এলাকা থেকে আটক হল বাজি বোঝাই তিনটি ট্রাক।

বারাসাত থেকে ভয়াবহ বিস্ফোরণের স্থল মোজপোলের দূরত্ব পাঁচ কিলোমিটার। আর আমডাঙ্গা-বেড়াবেড়িয়া মেরেকেটে দশ থেকে পনেরো কিলোমিটার। আর দত্তপুকুর থানা এলাকার মোজপোলে বাজি কারখানায় বিস্ফোরণের পরেই রাতারাতি মজুত করা বাজি পাচারের আগেই নিষিদ্ধ বাজি ভর্তি তিনটি ফুল পাঞ্জাব ট্র্যাক সহ একজন বাজি ব্যবসায়ী ও একজন ট্রাক মালিককে গ্রেফতার করল রাজ্য এস টি এফ।ট্রাক ভর্তি করে বাজি নিয়ে পালানোর সময় একটি ওজন পরিমাপের কেন্দ্র ধরমকাটায় ট্রাকে তিনটি আস্তরণ দিয়ে ঢাকা ছিল বাজি। ট্রাকের ঢাকা সরাতেই চক্ষু চড়কগাছ এসটিএফ আধিকারিকদের।তিনটি ট্রাকেই প্রচুর নিষিদ্ধ বাজি যা বাজেয়াপ্ত করে বাজি ব্যবসায়ী বিমল ধারা ও ট্রাক মালিক সরিফ আলি কে এস টি এফ আটক করে।

আরও পড়ুন : বারাসাতের নীলগঞ্জে বিস্ফোরণের ঘটনায় কতজন নাবালকের মৃত্যু হয়েছে? রাজ্যের রিপোর্ট তলব জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

বারাসাত ও নীলগঞ্জ  এলাকার মধ্যবর্তী মোজপোল এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর আমডাঙার বেড়াবেড়িয়া এলাকায় একটি ওজন পরিমাপ করার ধরম কাটায় এসটিএফ  গোপন সূত্রে খবর পেয়ে  হানা দেয়। প্রশ্ন উঠছে,তাহলে কি মোজপোলের বাজি বিস্ফোরণের দুদিন পরে অবৈধ কারবারিরা লাগোয়া এলাকা থেকে ট্রাক ভর্তি করে বাজি নিয়ে পালিয়ে যাচ্ছিলেন?

এসটিএফ সুত্রে জানা গিয়েছে,তিনটে গাড়ি ভর্তি ট্রাক রাখা থাকলেও ড্রাইভার ও খালাসি ট্রাক পার্ক করে পালিয়ে যান। তিনটি ট্রাকের সঙ্গে যুক্ত দুজন এসটিএফের হাতে ধরা পড়ে। সবমিলিয়ে, শুধুমাত্র অবাক হওয়া ছাড়া গতি নেই। অসাধু ব্যবসায়ীদের রমরমা নিয়ে একের এক উদাহরণ সামনে আসছে,এসেই চলেছে।।

আরও পড়ুন :নীলগঞ্জে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হদিশ মিলল আরও তিনটি বাজির গুদামের

About Post Author