Home » শক্তিগড় শুটআউট: প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুলিশ গ্রেফতার করল ‘দুষ্কৃতী’কে

শক্তিগড় শুটআউট: প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুলিশ গ্রেফতার করল ‘দুষ্কৃতী’কে

সুজয় ভট্টাচার্য্য ও দীপ সেন,সময় কলকাতা  :  ক্লু হিসেবে কাজ করল প্রযুক্তি। প্রযুক্তিকে কাজে লাগিয়ে- সিসিটিভির ফুটেজ খতিয়ে ও মোবাইল ফোনের টাওয়ার লোকেশনকে চিহ্নিত করে ৯৬ ঘন্টার মধ্যে শক্তিগড়ের জোতরাম এলাকায় সোনার দোকানের  ডাকাতি ও শুট আউটের ঘটনার কিনারা করল পুলিশ। শুক্রবার হওয়া শুট আউটের ঘটনায়  পুলিশ অন্যতম প্রধান অভিযুক্ত চিহ্নিতই শুধু করল না, তাকে চূড়ান্ত তৎপরতার সঙ্গে গ্রেফতার করে বর্ধমান জেলা আদালতে পেশ করল।পুলিশের এই সমগ্র প্রক্রিয়া মাত্র পাঁচদিনের মধ্যে সম্পন্ন করল।

উল্লেখ্য, ঘটনার দিন সকালে ১১ টা নাগাদ মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতী ঘটনাস্থলে আসে এবং দোকানে ঢুকে পড়ে। প্রাথমিকভাবে তাদের অভিপ্রায় লুঠ ও ছিনতাই ছিল বলেই জানা গিয়েছে। ক্রেতা সেজে তারা দোকানে ঢুকে লুঠতরাজ চালাতে গেলে দোকানের মালিক স্বদীপ দাস তাদের বাধা দেন। বাধা পেয়েই ক্লোস রেঞ্জ থেকে তাঁকে গুলি চালায় এক দুষ্কৃতী। সেই অবস্থাতেও আততায়ীকে জাপটে ধরে রেখেছিলেন দোকান মালিক। শব্দ ও গোলযোগ শুনে ছুটে দোকানে ঢোকেন আরেক স্থানীয় ব্যবসায়ী। তাঁকেও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি করার হুমকি দেওয়া হয়। তিনি বাধা দিতে সাহস পান নি। এরপরেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। অতঃপর গুরুতর জখম দোকানমালিক স্বদীপ দাসকে নিয়ে যাওয়া হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে।

ঘটনার দিন থেকেই জোরকদমে তদন্ত চালাচ্ছিল পুলিশ। অবশেষে সাফল্য আসে সোমবার রাতেই। সিসিটিভির ফুটেজের ওপরে ভিত্তি করে একজন দুষ্কৃতীকে  শনাক্ত করে ফেলে শক্তিগড় থানার পুলিশ। তার মোবাইল নম্বর পেতেই টাওয়ার লোকেট করে তার এলাকাও চিহ্নিত করে ফেলে পুলিশ। জানা যায়, দুষ্কৃতীর নাম শেখ রবি ,বাড়ি মেমারি থানার অন্তর্গত বাগিলা এলাকায়।সোমবার রাতে পুলিশ সুপারের নির্দেশক্রমে মেমারি থানার পুলিশ মেমারি থানা এলাকার বহুরমপুর গ্রাম ঘিরে ফেলে। প্রথমবার রবি গা ঢাকা দিতে সক্ষম হলেও  পুলিশ দ্বিতীয় প্রচেষ্টায় তাকে গ্রেফতার করে। প্রধান অভিযুক্ত শেখ রবিকে গ্রেফতার করে  শক্তিগড় থানায় নিয়ে আসা হয়। তার সঙ্গে এই ঘটনায় কে কে যুক্ত ছিল জানতে দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। তাকে মঙ্গলবার বর্ধমান জেলা আদালতে তোলা হয়। প্রযুক্তিকে সফলভাবে ব্যবহার করেই এল পুলিশি সাফল্য ।।

আরও পড়ুন :নাটকীয়, রুদ্ধশ্বাস,রাজকীয় জয়ে জেগে উঠল ইস্টবেঙ্গলের ডুরান্ড জয়ের স্বপ্ন

About Post Author