Home » ইন্ডিয়া’ জোটের হাইভোল্টেজ তৃতীয় বৈঠকের দিনই পাল্টা বৈঠক ডাকল এনডিএ

ইন্ডিয়া’ জোটের হাইভোল্টেজ তৃতীয় বৈঠকের দিনই পাল্টা বৈঠক ডাকল এনডিএ

সময় কলকাতা  ডেস্ক, ৩১ অগস্ট: বৃহস্পতি ও শুক্রবার মুম্বইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্ডিয়া’ জোটের মেগা তৃতীয় বৈঠক। এদিকে,এই দুই দিনই মুম্বইতে অনুষ্ঠিত হবে বিজেপি নেতত্বাধীন এনডিএ জোটের বৈঠক। মহারাষ্ট্রে শাসক জোটে শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠী ছাড়াও রয়েছে বিজেপি এবং এনসিপি-র অজিত পাওয়ার গোষ্ঠী। তিন দলের নেতারা দুদিন রাজ্য ও জেলা ভিত্তিক আলোচনা করবেন। যদিও মুম্বইতে ইন্ডিয়া জোটের কর্মসূচি সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে মুম্বইয়ের বৈঠকের আয়োজক মহারাষ্ট্র বিকাশ আগারির নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার জোটের লোগো প্রকাশ করা হবে। পাশাপাশি, জোটের বার্তাবাহী একটি স্লোগানও চালু করা হতে পারে। কথা হবে যৌথ আন্দোলন এবং আসন সমঝোতার ফর্মুলা নিয়ে। জুলাই মাসে বেঙ্গালুরুকে ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই দিল্লিতে এনডিএ-র বৈঠক ডেকেছিলেন বিজেপি নেতৃত্ব।

জানা গিয়েছে, বৃহস্পতিবার তিন দলের নেতারা মুম্বইতে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সরকারি বাংলোয় বৈঠকে বসে আসন সমঝোতা এবং নির্বাচনী ইস্যু, বিরোধীদের মোকাবিলা ইত্যাদি বিষয়ে আলোচনা করবেন। শুক্রবারের আলোচনা হবে ভার্চুয়াল মাধ্যমে। মহারাষ্ট্রের নানা প্রান্ত থেকে তিন দলের নেতারা যোগ দেবেন বৈঠকে। সেই বৈঠকে আঞ্চলিক স্তরের বোঝাপড়া নিয়ে কথা হবে। প্রসঙ্গত, ৩১ আগস্ট অর্থাৎ আজ এবং ১ সেপ্টেম্বর মুম্বইয়ে ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠক হবে। এই মেগা বৈঠক ঘিরে বিরোধী শিবিরে প্রস্তুতি ছিল তুঙ্গে। জানা গিয়েছে, বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি দলগুলির মধ্যে আসন ভাগাভাগি নিয়েও প্রাথমিক স্তরে আলোচনা হতে পারে। বৈঠকে ৪৫০টি আসনের প্রসঙ্গ উঠতে পারে।

আরও পড়ুন   সুতপা চৌধুরী হত্যাকাণ্ডের সাজা ঘোষণা বৃহস্পতিবার

এর পাশাপাশি জোটের বিভিন্ন দলের মধ্যে সমন্বয় রাখার জন্য ১১ সদস্যের একটি সমন্বয় কমিটিও গঠন করা হবে এই বৈঠকে। এছাড়াও প্রচারের মতো বিভিন্ন বিষয়গুলি দেখার জন্য কমপক্ষে ৫টি অন্যান্য কমিটি তৈরি করার বিষয়ে আলোচনা করা হবে। সুত্রের খবর, দিওয়ালির আগে আরও একটি বৈঠক হতে পারে। জোটের পরবর্তী বৈঠক পাঞ্জাবের অমৃতসরে হওয়ার সম্ভাবনা রয়েছে। ‘ইন্ডিয়া’ জোটের বেশ কয়েকজন নেতা চাইছেন, অন্তত একটি বৈঠক কলকাতায় হোক। মুম্বইয়ে তৃতীয় বৈঠকের সময় অশোকচক্র ছাড়া জাতীয় পতাকাকে জোটের পতাকা হিসাবে গ্রহণ করার চিন্তাভাবনা করা হবে। সূত্রের খবর, মু্ম্বইয়ে তৃতীয় বৈঠকের পরেই ইন্ডিয়া জোটের দেশজুড়ে সভা-সমাবেশ পর্ব শুরু হতে পারে। মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধি, অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ২৬টি রাজনৈতিক দলের প্রথম সারির নেতা মুম্বইয়ে হাজির থাকবেন বলেই জানা গিয়েছে।

About Post Author