Home » মালদহে ডাউন বেঙ্গালুরু সুপারফাস্ট ট্রেনে আগুন

মালদহে ডাউন বেঙ্গালুরু সুপারফাস্ট ট্রেনে আগুন

সময় কলকাতা ডেস্ক, ৩ সেপ্টেম্বর: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন যাত্রীরা। ২২৫০২ ডাউন বেঙ্গালুরু সুপারফাস্ট ট্রেনে আগুন। মালদহ টাউন স্টেশনে ট্রেন ছাড়ার পরপরই বি-১ শীততাপ নিয়ন্ত্রিত কোচে আগুন দেখতে পান রেলকর্মীরা। ধোঁয়া দেখেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপর জরুরি ব্রেক কষে তড়িঘড়ি থামিয়ে দেওয়া হয় ট্রেন। ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ট্রেন যাত্রীরা। ট্রেনটিকে ফিরিয়ে আনা হয় মালদহ স্টেশনে। এরপরই যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনার ব্যবস্থা করেন রেল কর্মীরা। যদিও এই ঘটনায় কোনও ক্ষতি হয়নি বলেই রেল সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ২২৫০২ বেঙ্গালুরু সুপরাফাস্ট ট্রেনটি অসমের নিউ তিনসুকিয়া থেকে বেঙ্গালুরুর যাচ্ছিল ট্রেনটি। ট্রেনটি মালদহ ছেড়ে যাওয়ার পরপরই একটি এসি থ্রি টায়ার কোচে গলগল করে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, অত্যন্ত তৎপরতার সঙ্গে কোচ সরানোর ব্যবস্থা করা হয়। অন্য কোচ লাগিয়ে তবেই ছাড়া হয় ট্রেনটি। যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও নজর রাখা হয়েছিল বলেই জানিয়েছেন রেলের আধিকারিক।

আরও পড়ুন   ওড়িশার বালেশ্বরে রেল দুর্ঘটনা মামলায় ৩ রেল আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট পেশ সিবিআইয়ের

উল্লেখ্য, এর আগে গত ২৬ আগস্ট তামিলনাড়ুর মাদুরাইতে পর্যটন ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছিল। গুরুতর আহত আরও ২৪ জন। জানা গিয়েছে,ওইদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ ট্রেনটি মাদুরাই রেলস্টেশনের বাইরে বোড়ি লেনে দাঁড়িয়েছিল। আচমকাই দাঁড়িয়ে থাকা ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রাণ বাঁচাতে যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ে। ঘটনার জেরে ট্রেনে আটকে পড়ে বহু যাত্রী। উদ্ধার কার্যে হাত লাগায় এলাকার মানুষ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের একাধিক পদস্থ আধিকারিক। আহতদের উদ্ধার করে মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছিল, যাত্রীরা ট্রেনে করে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছিলেন। সেই থেকেই আগুন লেগে থাকতে পারে বলেই অনুমান করা হচ্ছে। দক্ষিণ রেলের তরফে ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।

About Post Author