Home » ইন্ডিয়া নয় ভারতের পক্ষে সওয়াল বীরুর, আপনি রাজনীতিতে যোগ দিন কটাক্ষ নেটিজেনদের, পাল্টা কি বললেন তিনি?

ইন্ডিয়া নয় ভারতের পক্ষে সওয়াল বীরুর, আপনি রাজনীতিতে যোগ দিন কটাক্ষ নেটিজেনদের, পাল্টা কি বললেন তিনি?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ সেপ্টেম্বর: রাজধানীতে কান পাতলে এখন একটাই খবর। ভারত নাকি ইন্ডিয়া। দেশের ভবিষ্যত নাম কি হবে? রাজনৈতিক আঙিনা থেকে এই আলোচনা এবার প্রবেশ করল ভারতীয় ক্রিকেটে। মঙ্গলবার একটি ট্যুইট করে ভারতের পক্ষে সওয়াল করলেন বীরেন্দ্র সেওয়াগ। এদিন ১৫ সদস্যের বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে লেখা ছিল টিম ইন্ডিয়া। এতেই আপত্তি বীরুর। রিট্যুইট করে তিনি লেখেন, “টিম ইন্ডিয়া নয় টিম ভারত। বিশ্বকাপে যখন আমরা কোহলি, রোহিত, বুমরা, জাদ্দুদের (জাদেজার নাম) জন্য গলা ফাটাবো, আমাদের হৃদয়ে তখন ভারতের নাম থাক। ভারতীয় দল যেই জার্সি পরে খেলবে সেখানেও ভারত থাক।” বোর্ড সচিব জয় শাহকে উল্লেখ করে এই ট্যুইট করেন প্রাক্তন ভারত ওপেনার।

ওই ট্যুইটে অনেক নেটিজেন ভারতের প্রাক্তন ওপেনারের বক্তব্যকে সমর্থন করেছেন। অনেকে আবার এই ট্যুইটের মধ্যে রাজনীতির গন্ধ পেয়েছেন। বীরুর মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছেন তাঁরা। একজন কটাক্ষ করে লিখেছেন, “আমার মনে হয় গৌতম গম্ভীরের আগে আপনার সাংসদ হাওয়া উচিৎ ছিল।”

নেটিজেনের গুগলিতে বিচলিত না হয়ে আক্রমণাত্মক ব্যাট করেন বীরু। তিনি লেখেন, “আমার রাজনীতি নিয়ে কোনও আগ্রহ নেই। শেষ দুটি নির্বাচনে আমাকে দেশের দুই বড় রাজনৈতিক দল আমাকে প্রস্তাব দিয়েছিল। আমার মনে হয় বিনোদন ও ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত মানুষদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত। যাঁরা রাজনীতিতে আসেন আমার মনে হয় তাঁরা অহং ও ক্ষমতার লোভে আসেন। তাঁদের মধ্যে মানুষের জন্য কাজ করার কোনও বাসনা নেই। কিছু ব্যতিক্রম রয়েছে তবে বেশিরভাগ নিজেদের জনসংযোগে ব্যস্ত। আমি ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চাই।”

প্রসঙ্গত জি-২০ বা গ্রুপ অফ টোয়েন্টির আসর বসেছে দেশের রাজধানী দিল্লিতে। অধিবেশনের জন্য প্রস্তুত করা নৈশভোজের আমন্ত্রণ পত্র নিয়ে তৈরি হয় জল্পনা। ওই আমন্ত্রণ পত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার’ পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা ছিল। তারপর থেকে জল্পনা শুরু হয়, তাহলে কি ২৮ সেপ্টেম্বরের বিশেষ অধিবেশনে দেশের নাম পরিবর্তন করার কথা চিন্তা করছে মোদি সরকার। এসবের মধ্যে বীরুর ট্যুইট সেই জল্পনাকে ফের উস্কে দেবে তা আর বলার অপেক্ষা রাখেনা।

About Post Author