স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ সেপ্টেম্বর: কাতার বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে প্রায় ৯ মাস আগে। তবুও বিতর্ক পিছু ছাড়ছে না কাতার বিশ্বকাপের। সেই বিতর্কে এবার যুক্ত হলেন নেদারল্যান্ডসের কোচ লুই ফান হাল। সোমবার এই বর্ষীয়ান কোচ ডাচ সংবাদমাধ্যমে বিতর্কিত মন্তব্য করলেন। তিনি বলেন, পরিকল্পনা করে মেসিদের জেতানো হয়েছিল। তাঁর এই মন্তব্য সামনে আসার পর ফের বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে। যদিও বড় অংশের সমর্থকরা ফান হালের এই দাবিকে হতাশাজনক বলে উড়িয়ে দিয়েছেন।

কাতার বিশ্বকাপে ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় মেসির আর্জেন্টিনা। মেসিদের লড়াই সহজ ছিল না। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারতে হয়েছিল মেসিদের। তারপরও মেক্সিকো ম্যাচ থেকে প্রত্যাবর্তন করে আকাশী সাদা জার্সিধারিরা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেসির দল মুখোমুখি হয় নেদারল্যান্ডসের। যেই দলের কোচ লুই ফান হাল। রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে কমলা জার্সিধারীদের হারান মেসিরা। ওই ম্যাচে ০-২ গোলে পিছিয়ে পড়েও, ম্যাচে সমতা ফেরায় ফান হালের দল।

ম্যাচে এতটাই উত্তেজনা তৈরি হয় যে রেফারিকে পরিস্থিতি সামাল দিতে রেকর্ড সংখ্যকবার কার্ড বার করতে হয়। ওই ম্যাচে মোট ১৮ টি কার্ড দেখিয়েছিলেন রেফারি। যদিও রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি হেসেছিল মেসিরা। ওই ম্যাচের রেশ গড়িয়েছিল দুই দলের ড্রেসিং রুমে। শান্ত স্বভাবের মেসিকেও দেখা গিয়েছিল মেজাজ হারাতে। ওই ম্যাচের পর ডাচ কোচকে নিশানা করেছিলেন এলএমটেন। সেই নিয়ে বিতর্ক কম হয়নি। তবে পরিস্থিতি যখন শান্ত। তখন ফের ওই ম্যাচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ।
আরও পড়ুন প্রোটিয়া শিবিরে ধাক্কা, অবসর নিলেন তারকা ক্রিকেটার

এক ডাচ মিডিয়ায় তিনি অভিযোগ করেন, “আপনি যখন ম্যাচে আর্জেন্টিনার গোলাগুলি দেখবেন আর আমাদের গোলাগুলি দেখবেন তখন এটা আপনার কাছে পরিষ্কার হবে। যখন, সীমা অতিক্রম করার পরও তাঁদের শাস্তি হয়নি। তখন আমার মনে হয়েছে ম্যাচের ভাগ্য পূর্ব নির্ধারিত।” তিনি এও বলেন, “আমার মনে হয়েছে লিওনেল মেসিকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে এটা ইচ্ছাকৃত প্রচেষ্টা।” যদিও তাঁর এহেন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মেসি ও আর্জেন্টিনা সমর্থকরা। তাঁদের দাবি চূড়ান্ত হতাশা থেকে এধরনের মন্তব্য করছেন ডাচ কোচ। কেউ কেউ ওই ম্যাচের ডাচ ডিফেন্ডারদের ভুল করার ভিডিও তুলে ধরেছেন। সব মিলিয়ে আর্জেন্টিনা নেদারল্যান্ডস ম্যাচের আগুন যেন নিভেও নিভছে না।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?