সময় কলকাতা ডেস্ক, ৭ সেপ্টেম্বর: পুজোর আগে বিধায়কদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একধারে রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় অধিবেশন চলাকালীন এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যদিও বাকিদের বেতন বৃদ্ধি হলেও, নিজের বেতন অপরিবর্তিত রেখেছেন তিনি। বিধানসভায় চলছে বাদল অধিবেশন। অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, ” দেশের বাকি রাজ্যগুলির তুলনায় আমাদের রাজ্যের বিধায়কদের বেতন সবথেকে কম। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে তাঁদের বেতন বৃদ্ধি করার।” যদিও এই বিধায়কদের মধ্যে যে তিনি পড়ছেন না তাও স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত এতদিন, রাজ্যের বিধায়কদের বেতন ছিল ভাতা ছাড়া ১০ হাজার টাকা। প্রতিমন্ত্রীদের বেতন ছিল ভাতা ছাড়া ১০ হাজার ৯০০ টাকা। আর পূর্ণমন্ত্রীদের বেতন ছিল ভাতা ছাড়া ১১ হাজার টাকা। প্রত্যেকের বেতন ৪০ হাজার টাকা বাড়ানোর সিধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার থেকে প্রতি বিধায়ক পাবেন ৫০ হাজার টাকা, প্রতিমন্ত্রীরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা ও পূর্ণ মন্ত্রীরা পাবেন ৫১ হাজার টাকা। এনিয়ে ২০১১ সালের পর থেকে দ্বিতীয়বার বেতন বৃদ্ধি হল বিধায়ক ও মন্ত্রীদের।
আরও পড়ুন বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, সব দিক থেকে পরিপূর্ণ দল মন্তব্য নেটিজেনদের

জানা গিয়েছে, রাজ্যের বিধায়কদের জীবন যাপনের মানোন্নয়ন করতে এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত। বেতন বৃদ্ধির ফলে দুর্নীতি কিছুটা কমবে বলেও ধারণা সংশ্লিষ্ট মহলের। যদিও, বিগত কয়েক মাস মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল রাজ্যের ভাঁড়ে মা ভবানীর তথ্য। রাজ্যের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ না দিতে পারার জন্য এই কারণটিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের বিধায়ক, প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রীদের একলাফে এই হারে বেতন বৃদ্ধি সাধারণ মানুষ কি চোখে দেখে, সেটাই এখন দেখার।


More Stories
মহেশতলায় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা