Home » দিল্লিতে শুরু জি-২০ সম্মেলন, উদ্বোধনী ভাষণে ‘সবকা সাথ, সবকা বিশ্বাস’-এর বার্তা প্রধানমন্ত্রীর

দিল্লিতে শুরু জি-২০ সম্মেলন, উদ্বোধনী ভাষণে ‘সবকা সাথ, সবকা বিশ্বাস’-এর বার্তা প্রধানমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক, ৯ সেপ্টেম্বরঃ দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে শনিবার অর্থাৎ আজ থেকেই শুরু হচ্ছে জি-২০ সম্মেলন। শনিবার সকালে ৯ টা নাগাদ সেখানে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি-২০ শীর্ষ সম্মেলনে সকাল সাড়ে ১০টায় প্রথম পর্যায়ের বৈঠক শুরু হয়। প্রথম পর্যায়ে আলোচনার বিষয় হল ‘ওয়ান আর্থ’। সম্মেলনের শুরুতেই উদ্বোধনী ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বসুধৈব কুটুম্বকম্, এই সংস্কৃত বাগধারাই হল জি-২০ সম্মেলনে ভারতের প্রধান ঘোষণা। গোটা বিশ্ব আমার আত্মীয়, এই ঘোষণাকে সামনে রেখেই তৈরি হয়েছে সম্মেলনে থিম ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ।’

দ্বিতীয় পর্যায়ে আলোচনার বিষয় হবে ‘ওয়ান ফ্যামিলি’। কোনারক সূর্য মন্দিরের আদলে তৈরি মণ্ডপের সামনে দাঁড়িয়ে এদিন সকালে প্রধানমন্ত্রী স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম সহ রাষ্ট্রনেতাদের। উদ্বোধনী ভাষণে ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস’-এর মন্ত্র জি-২০ সদস্য দেশগুলিকে শেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনের মাঝেই রয়েছে মধ্যাহ্নভোজের ব্যবস্থা। এরপর সম্মেলনের শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৈশভোজে যোগ দেবেন রাষ্ট্রনেতারা।

সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে ওই বিশেষ নৈশভোজে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বিশেষ নৈশভোজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখাও হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার। শনিবার সকাল থেকে দিল্লিতে এয়ার ট্রাফিক কন্ট্রোল চালু হয়েছে।

আরও পড়ুন    জিতল পর্তুগাল, মেসির প্রতি শ্রদ্ধার কথা রোনাল্ডোর মুখে

প্রসঙ্গত, এবার জি-২০ ভুক্ত দেশগুলির সম্মেলনে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সন্ত্রাসবাদ সহ একাধিক বিষয়ে আলোচনার হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। এবার জি-২০র সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। ভারতের সভাপতিত্বে জি-২০ সামিটে ১১০টি দেশের ১২ হাজার ৩০০ প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এবারের জি-২০ সামিটে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি-২০ সম্মেলনের সদস্য হিসাবে এটাই তাঁর প্রথম ভারত সফর। এছাড়াও জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন বিদেশ সচিব টনি ব্লিঙ্কেন, অর্থ সচিব জ্যানেট ইয়েলেন ও বাণিজ্য সতিব গিনা রাইমন্ডো। কার্যত সেকারণেই এবারের জি-২০ সম্মেলন বিশ্ব দরবারে ভারতের শক্তিশালী নেতৃত্বকে প্রতিষ্ঠা করবে বলেই মনে করা হচ্ছে।

About Post Author