সময় কলকাতা ডেস্ক, ৯ সেপ্টেম্বরঃ স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু। জানা গিয়েছে, শনিবার ভোররাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এমনকী আটক করা হয়েছে চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশকেও। জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩৪, ৩৭, ১০৯, ১২০(৮), ১৬৬, ১৬৭, ২০১, ৪০৯, ৪১৮, ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭১ নং ধারার অধীনে গ্রেফতার করা হয়েছে তাঁদেরকে। যদিও চন্দ্রবাবু ইতিমধ্যেই আর্থিক দুর্নীতির অভিযোগের কথা অস্বীকার করেছেন।

সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার মধ্যরাতেই অন্ধ্রপ্রদেশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট-এর তরফে আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন নান্দিয়ালের একটি অনুষ্ঠান সভাঘরে। দলীয় কর্মসূচির জন্য সেখানেই ছিলেন চন্দ্রবাবু। সভায় ভাষণ দেওয়ার মধ্যেই গ্রেফতারি পরোয়ানা নিয়ে সেখানে হাজির হন তদন্তকারীরা। এরপর শনিবার ভোর ৬টা নাগাদ গ্রেফতার করা হয় চন্দ্রবাবুকে। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পর থেকেই তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তেলুগু দেশম পার্টির সমর্থকরা। আদালত চত্বরেও শুরু হয়েছে বিক্ষোভ। নান্দিয়াল থেকে শ্রী নাইডুকে বিজয়ওয়াড়ায় স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন দিল্লিতে শুরু জি-২০ সম্মেলন, উদ্বোধনী ভাষণে ‘সবকা সাথ, সবকা বিশ্বাস’-এর বার্তা প্রধানমন্ত্রীর

স্বাস্থ্য পরীক্ষার পর শনিবার চন্দ্রবাবুকে আদালতে পেশ করা হবে বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, অসততা, অসাধুভাবে সম্পত্তি বিতরণ সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল। দুর্নীতি প্রতিরোধ আইনেও অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। এরপরই গত মার্চ মাস থেকে সেই দুর্নীতির তদন্ত শুরু করে অন্ধ্রপ্রদেশের সিআইডি।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!