Home » চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় শুয়ে বিক্ষোভ, আটক অভিনেতা পবন কল্যাণ

চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় শুয়ে বিক্ষোভ, আটক অভিনেতা পবন কল্যাণ

সময় কলকাতা ডেস্ক, ১০ সেপ্টেম্বরঃ স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় শনিবার ভোররাতেই গ্রেফতার হয়েছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু। তাঁর বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ সরকারের স্কিল ডেভেলপমেন্ট স্কিমে ৩৭১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকী একই অভিযোগে আটক করা হয়েছে চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশকেও। এবার চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় শুয়ে বিক্ষোভ শুরু করেন অভিনেতা তথা জনসেনা পার্টির সভাপতি পবন কল্যাণ। এদিন তাঁর সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের নেতা নাদেন্দলা মনোহর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারির প্রতিবাদে হায়দ্রাবাদ থেকে সড়কপথে বিজয়ওয়াড়ার দিকে রওনা দেন পবন কল্যাণ। এরপর এনটিআর জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন জনসেনা পার্টির সমর্থকরা। কার্যত সেকারণেই পুলিশ তাঁদেরকে গ্রেফতার করে বিজয়ওয়াড়ায় নিয়ে যায়। যদিও তাঁদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, আর্থিক দুর্নীতির তদন্তে শুক্রবার মধ্যরাতেই অন্ধ্রপ্রদেশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট-এর তরফে আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন নান্দিয়ালের একটি অনুষ্ঠান সভাঘরে। দলীয় কর্মসূচির জন্য সেখানেই ছিলেন চন্দ্রবাবু। সভায় ভাষণ দেওয়ার মধ্যেই গ্রেফতারি পরোয়ানা নিয়ে সেখানে হাজির হন তদন্তকারীরা। এরপর শনিবার ভোর ৬টা নাগাদ গ্রেফতার করা হয় চন্দ্রবাবুকে। জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩৪, ৩৭, ১০৯, ১২০(৮), ১৬৬, ১৬৭, ২০১, ৪০৯, ৪১৮, ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭১ নং ধারার অধীনে গ্রেফতার করা হয়েছে তাঁদেরকে। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পর থেকেই তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তেলুগু দেশম পার্টির সমর্থকরা।

আরও পড়ুন    ভেস্তে যাওয়ার মুখে আরও একটি ভারত-পাক ম্যাচ! প্রশ্নের মুখে আয়োজকদের দূরদর্শিতা

আদালত চত্বরেও শুরু হয়েছিল বিক্ষোভ। নান্দিয়াল থেকে শ্রী নাইডুকে বিজয়ওয়াড়ায় স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্রের খবর। স্বাস্থ্য পরীক্ষার পর রবিবার চন্দ্রবাবুকে অ্যান্টি-কোরাপশন ব্যুরোর আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, ২০২১ সালে স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, অসততা, অসাধুভাবে সম্পত্তি বিতরণ সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল। দুর্নীতি প্রতিরোধ আইনেও অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। এরপরই গত মার্চ মাস থেকে সেই দুর্নীতির তদন্ত শুরু করে অন্ধ্রপ্রদেশের সিআইডি।

About Post Author