সময় কলকাতা ডেস্ক, ১০ সেপ্টেম্বর: ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। দেশের নাম ‘ভারত’ হবে নাকি ‘ইন্ডিয়া’। এই বিতর্ক উস্কে দিলেন মেদিনীপুরের সাংসদ। হুঁশিয়ারির সুরে দিলীপ বললেন, “দেশের নাম ইন্ডিয়া নয়, হবে ভারত। যাঁদের পছন্দ হবে না তাঁরা দেশের বাইরে চলে যেতে পারেন।” দিলীপের এই দেশ ছাড়ার মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দিলীপের মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল ও সিপিএম। রবিবার সকালে খড়গপুরে ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। এই অনুষ্ঠানে ফের পুরনো মেজাজে পাওয়া গেল মেদিনীপুরের সাংসদকে।

এদিন দেশের নাম পরিবর্তন বিতর্ক নিয়ে মুখ খুলে নয়া বিতর্কের জন্ম দিলেন তিনি। সাফ জানিয়ে দিলেন ইন্ডিয়া নাম এখন অতীত। আগামীদিনে দেশের নাম হবে ‘শুধু’ ভারত। যাঁদের ভারত নামে অসুবিধে তাঁদেরকে ভারত ছাড়ার জন্যও হুঁশিয়ারি দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দেশের নাম পরিবর্তন বিতর্কে দিলীপের প্রশ্ন, মাদ্রাজ যদি চেন্নাই হতে পারে তাহলে ইন্ডিয়াও ভারত হতে পারবে। নাম পরিবর্তন নিয়ে বিরোধীদের অবস্থানকে দ্বিচারিতা বলে মনে করেন দিলীপ ঘোষ।

একই সঙ্গে কলকাতার রাস্তার নাম ও রাস্তায় বিদেশী মনীষীদের মূর্তি উপড়ে ফেলার হুমকিও দেন মেদিনীপুরের সাংসদ। তিনি বলেন, “মুঘল, ব্রিটিশ, পর্তুগিজরা ভারতে হাজার হাজার বছর রাজত্ব করেছে। তাঁরা এই দেশকে পদদলিত করে রেখেছিল। তাঁদের কোনও চিহ্ন ভারতে থাকবে না।” তিনি আরও বলেন যে, “কলকাতার রাস্তায় ব্রিটিশদের অনেক মূর্তি ছিল। একটা দু’টো এখনও রয়েছে। খালি বিজেপি ক্ষমতায় আসুক ওগুলো উপড়ে ফেলা হবে। ওগুলোর ঠাঁই হবে মিউজিয়ামে।” রাস্তায় ভগীরথের চিহ্ন বসবে, শকরাচার্যের মূর্তি বসবে বলেও আগাম জানিয়ে দেন দিলীপ ঘোষ।
আরও পড়ুন চন্দ্রবাবু নাইডু তদন্তে সহযোগিতা করছেন না,অন্ধ্র পুলিশ

দিলীপের মন্তব্য নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল ও সিপিএম। তাঁদের দাবি দলে কল্কে না পেয়ে এসব বলছেন দিলীপ। রাজ্যের শাসক দল আবার স্বাধীনতা সংগ্রামে আরএসএসের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্য রাজনীতিতে বেশ কোণঠাসা দিলীপ ঘোষ। একের পর এক দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে। রাজ্য রাজনীতিতে তাঁর ভবিষ্যত নিয়েও চলছিল জল্পনা। কিন্তু এসবের মধ্যে তিনি ফের প্রমাণ করলেন দিলীপ ঘোষ রয়েছেন দিলীপ ঘোষেই।


More Stories
যোগা, নামাজ, রেডরোড ও “হরিদাস পাল”
অভিষেক আসতেই দুই-দলে খণ্ডযুদ্ধ, বিমানবন্দরে আতঙ্কে যাত্রীরা!
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন