সময় কলকাতা ডেস্ক, ১৩ সেপ্টেম্বর: কোভিড অতিমারির পর আতঙ্কের নতুন নাম ‘নিপা’। আপাত নিরীহ নামের এই নিপা ভাইরাস মাথাচাড়া দিচ্ছে দক্ষিণ ভারতের রাজ্য কেরলে। ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ জন। তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। আরও ২ জন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। মঙ্গলবার এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের পাশে দাঁড়িয়েছে কেন্দ্র। একটি কেন্দ্রীয় প্রতিনিধি দলকে কেরল পাঠানো হচ্ছে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য।

মঙ্গলবার নিপা ভাইরাসের খোঁজ মেলার খবর নিশ্চিত করেছে করল সরকার। কোঝিকোড় এলাকায় এই ভাইরাসে ৪ জন আক্রান্ত হয়েছে। কোঝিকোড় মেডিক্যাল কলেজে মোবাইল ল্যাব তৈরি করা হয়েছে। ওখানেই সম্ভাব্য আক্রান্তদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (এনআইভি) পরীক্ষাগারটি তৈরি করছে। ইতিমধ্যেই ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ ICMR-ও মবোক্লোনাল অ্যান্টিবডি পাঠিয়েছে নিপা আক্রান্তদের চিকিৎসার জন্য। আইসিএমআরের কাছ থেকে বেশ কিছু প্রয়োজনীয় ওষুধও আনানো হচ্ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন স্টাম্পের পিছনে নিজের জায়গা পাকা করছেন রাহুল? শ্রীলঙ্কা ম্যাচে আভাস মিলল
যেহেতু বাদুড় থেকে এই রোগের সূত্রপাত, তাই এই প্রাণী নিয়ে সমীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। রাজ্যজুড়ে জারি করা হয়েছে সতর্কতা ।সংক্রমণ রুখতে ওই জেলার সাতটি গ্রামকে গণ্ডিবদ্ধ এলাকা বা কনটেনমেন্ট জোন বলে ঘোষণা করা হয়েছে। এই গ্রাম গুলি হল, তিরুভাল্লুর, মারুথনকারা, আতানচেরি, কুট্টিভাদি, কাভাক্কোডি, কাভিলামপারা ও ভিল্লাপালি। শিশুদের মধ্যে যাতে এই ভাইরাস না ছড়ায় তাই বেশ কিছু স্কুল আপাতত বন্ধের সিধান্ত নিয়েছে রাজ্য ও জেলা প্রশাসন।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ” দু’টি মৃত্যুকে গুরুত্ব সহকারে দেখছে কেরল সরকার। স্বাস্থ্য বিভাগের তরফ থেকে কোঝিকোড় জেলায় সতর্কতা জারি করা হয়েছে।” বুধবার কেরল বিধানসভায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন, “এটা নিপা ভাইরাসের বাংলাদেশ ভ্যারিয়েন্ট। মানবদেহ থেকে অপর মানবদেহে সংক্রমিত হয় এই ভাইরাস। এই স্ট্রেনে সংক্রমণের হার কম কিন্তু মৃত্যুর হার অনেক বেশি।”
প্রসঙ্গত, নিপা ভাইরাসটি প্রথম শনাক্ত হয়েছিল মালয়েশিয়ার একটি গ্রামে। গ্রামের নাম নিপাহ হওয়ায় এর নামকরণ হয়েছিল নিপা ভাইরাস। ২০১৮ ও ২০২১ সালেও এই রাজ্যের কেরলের কোঝিকোড়ে ও মলপ্পুরম জেলায় নিপা ভাইরাসের খোঁজ মিলেছিল। আরও একবার। উদ্বেগ বাড়িয়ে এই মারণ ভাইরাসের সন্ধান মিলেছে দক্ষিণ ভারতের এই রাজ্যে।


More Stories
ভারতে করোনার কি আবার প্রাদুর্ভাব ঘটেছে?
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়