Home » বাংলার‘ লক্ষ্মীর ভাণ্ডার’মডেলকে অনুসরণ করল তামিলনাড়ু

বাংলার‘ লক্ষ্মীর ভাণ্ডার’মডেলকে অনুসরণ করল তামিলনাড়ু

সময় কলকাতা ডেস্ক, ১৫ সেপ্টেম্বরঃ এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটল তামিলনাড়ু সরকার। বাংলার মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু করেছিল। এই প্রকল্পের বাস্তবায়নে সাড়াও মিলেছে ব্যাপক। এবার বাংলার এই মডেলকে অনুসরণ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ঘোষণা করেছেন, রাজ্যের এক কোটি ছয় লাখ মহিলাকে আপাতত মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে। ওই অর্থ সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলেই জানা গিয়েছে। তামিলনাড়ু সরকার এই প্রকল্পের নাম রেখেছে, ‘কলাইগনার মাগালির উড়িমাই তির্থম’। বাংলায় কলাইগনারের অর্থ হল, মহিলা অধিকার প্রকল্প।

আরও পড়ুন    ‘মিড ডে মিলের’ পর তামিলনাড়ুর সরকারি প্রাইমারি স্কুলে চালু হল বিনামূল্যে ‘ব্রেকফাস্ট’

সূত্রের খবর, ১৫ সেপ্টেম্বর, ডিএমকের প্রতিষ্ঠাতা সি আন্নাদুরাইয়ের ১১৫ তম জন্মদিন। এবছরই আবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্টালিনের বাবা, প্রয়াত এম করুণানিধির জন্ম শতবর্ষ পালিত হচ্ছে। তাই দলের দুই উল্লেখযোগ্য নেতাকে স্মরণ করেই মূলত শুক্রবার মহিলাদের ভাতা দেওয়ার এই প্রকল্প চালু করল তামিলনাড়ু সরকার। এদিন এমকে স্ট্যালিন তামিলনাড়ুর জনপ্রিয় মন্দির শহর তথা দলের প্রতিষ্ঠাতা আন্নাদুরাইয়ের জন্মস্থান কাঞ্চিপূরমে এই প্রকল্পটি বাস্তবায়িত করেন। জানা গিয়েছে, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্টালিনের বাবা, প্রয়াত এম করুণানিধিকে সম্মান জানাতে মানুষ ‘কলাইগনার’ বলে সম্বোধন করত। তামিল ভাষায় এর অর্থ হল ‘অতুলনীয় শিল্পী’। এ প্রসঙ্গে তামিলনাড়ুর মুখ্যসচিব শিব দাস মীনা বলেন, ‘মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দারিদ্র্য দূরীকরণে সহায়ক হবে। আগস্ট মাস থেকে এখনও পর্যন্ত ১ কোটি ৬০ লাখ আবেদন পেয়েছি আমরা। যদিও ১ কোটি ৬ লাখ ৫০ হাজার মহিলাকে সুবিধাভোগী হিবেসে বেছে নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ২০২০ সালে করোনা অতিমারির সময় ‘দুয়ারে সরকার’ কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় যখন গোটা দেশের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল, রোজগার বন্ধ হয়ে গেছিল, সেই পরিস্থিতিতেই বাড়ির মহিলাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেন মমতা। মুখ্যমন্ত্রীর এই মস্তিষ্কপ্রসূত জনকল্যাণমূলক প্রকল্পেরই নাম দেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’। জানা গিয়েছে,দুয়ারে সরকারের ক্যাম্পে প্রকল্পের নিরিখে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। এই দুয়ারে সরকার কর্মসূচিকে আবার ২০২১ সালে অ্যাওয়ার্ড অব এক্সেলেন্সে সম্মানিত করা হয়।

About Post Author