সময় কলকাতা ডেস্ক, ১৬ সেপ্টেম্বরঃ পর্যটন প্রেমীদের জন্য দারুণ সুখবর। টানা তিন মাস বন্ধ থাকার পর শনিবার থেকে ফের খুলে গেল ডুয়ার্সের জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলি। ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চল খুলে যাওয়ায় বন বাংলোগুলি নতুন করে সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে। পর্যটকদের আগমনকে ঘিরে ফের লক্ষ্মীলাভের আশা দেখছেন বন দফতর এবং ডুয়ার্স বনাঞ্চলের বাসিন্দারা। জানা গিয়েছে, এখন থেকে বনাঞ্চলে প্রবেশ করার পাশাপাশি পর্যটকেরা গভীর অরণ্যে রাত্রিবাসের জন্য বন বাংলোগুলি বুক করতে পারবেন। এমনকী পর্যটকরা যাতে গভীর অরণ্যে ভ্রমণে যেতে পারেন, তার জন্য যথোপযুক্ত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

প্রতি বছর জুন মাসের ১৫ তারিখ থেকে গরুমারা জাতীয় উদ্যানে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। আবার সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ খুলে দেওয়া হয়। কেননা এই তিন মাস বন্যপ্রাণীদের প্রজননকালীন সময় হিসেবে ধরা হয়। জানা গিয়েছে, জিপ ও হাতি সাফারিও চালু থাকবে। পুজোতে পুরোদমে “ওয়াইল্ড লাইফ” দর্শনের রোমাঞ্চকর স্বাদ পূরণে সচেষ্ট থাকছে বন দফতর। পাশাপাশি, জঙ্গলের ভিতর যাতে কোনওভাবে নোংরা,আবর্জনা না ফেলা হয় তার জন্য বাড়ানো হচ্ছে নজরদারি। তবে জঙ্গলের ভিতরে ড্রোন নিয়ে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। বনদফতরের তরফে ইতিমধ্যেই সরকারি বন বাংলো বুকিং-এর জন্য অনলাইন বুকিং সিস্টেমও চালু করা হয়েছে। যদিও অনলাইন বুকিং সিস্টেম চালুর পর থেকেই আগাম বুকিং শুরু হয়ে গিয়েছে। পুজোর মধ্যে পর্যটকদের ভিড় উপচে পড়বে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন পুজোর আগে ত্বকের দাগছোপ দূর করতে চান? আজ থেকেই ব্যবহার করুন ভিটামিন সি সিরাম
এছাড়াও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্প, চিলাপাতা ও জলদাপাড়া জাতীয় উদ্যান। এখন থেকে পর্যটকেরা জিপ সাফারি এবং হাতি সাফারি করতে পারবেন। তবে জিপ সাফারি রুটের কিছু রাস্তা সংস্কারের কাজ চালানো হচ্ছে বলে জানিয়েছে এডিএফও। পর্যটকেরা যাতে জঙ্গলকে নোংরা না করেন, ড্রোন সহ নিষিদ্ধ সামগ্রী নিয়ে যাতে জঙ্গলে প্রবেশ না করতে পারে, তার জন্য চেকিং-এর ব্যাপারেও জোর দেওয়া হবে বন দফতরের পক্ষ থেকে। হাতি সাফারির জন্য এবার হাতির সংখ্যাও বাড়িয়ে দিয়েছে বন দফতর। ইতিমধ্যেই জঙ্গলের রিসর্ট, লজ, হোমস্টেগুলি নতুন করে সেজে উঠেছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ছ’টি ইকো কটেজের মধ্যে হর্নবিল, ধুপঝোড়া এবং মূর্তি খোলা থাকবে। বাকি তিনটি রাইনো ক্যাম্প, কালিপুর এবং পানঝোড়ায় সংস্কার করা হচ্ছে।


More Stories
বিজেপি-বিদ্রোহী তৃণমূলকে একযোগে নিশানা, তবুও বিরোধীদের প্রশংসা পাচ্ছেন কুণাল ঘোষ
তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে অপসারিত মমতা, সাসপেন্ড অভিষেক
পশ্চিমবঙ্গ নতুন সরকারের নতুন পূর্ণাঙ্গ বাজেট, কী পেল রাজ্যবাসী?