সময় কলকাতা ডেস্ক, ২৩ সেপ্টেম্বরঃ প্রায় চার মাসেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। মণিপুরে অশান্তির ঘটনায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছে বিরোধীরা। এহেন পরিস্থিতিতে ১৪৩ দিন পর অশান্ত মণিপুরে ইন্টারনেট পরিষেবা চালু করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মণিপুর। শনিবার সাংবাদিক সম্মেলন করে এন বীরেন সিং জানান, ‘সকল মণিপুরবাসীকে জানানো হচ্ছে, রাজ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল। আজ থেকে সকলের জন্য নেট পরিষেবা পুনরায় চালু করা হল।’

প্রসঙ্গত, গত ৩ মে একটি মিছিলকে কেন্দ্র করে মণিপুরে হিংসার ঘটনার সূত্রপাত হয়৷ মেইতেই জনজাতিকে তফশিলি উপজাতিভুক্ত করার বিরোধিতা করছে কুকি সম্প্রদায়৷ আর এ নিয়ে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ তারপর থেকেই অশান্তি এড়াতে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও হিংসা এড়ানো সম্ভব হয়নি। মণিপুরের অশান্তির ঘটনায় কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর পদত্যাগের দাবিতে বারবার সরব হয়েছিলেন বিরোধী দলনেতারা। সংসদে তাঁরা সকলেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন ও মণিপুরের মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি করেছিলেন।
আরও পড়ুন ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণ নিয়ে টানাপোড়েন অব্যাহত, শপথগ্রহণের অনুষ্ঠান রাজভবনে করতে চান রাজ্যপাল
এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, মণিপুরে সরকার ভেঙে নতুন সরকার গঠন করা বা মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরানোর কোনও পরিকল্পনা আপাতত নেই। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ‘মণিপুরের এন বীরেন সিং সরকার সম্পূর্ণ সহযোগিতা করছে। রাষ্ট্রপতি শাসন তখনই জারি করা হয়, যখন সরকার কোনরকম সহযোগিতা করে না। কিন্তু মণিপুরে অশান্তির ঘটনায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কেন্দ্রের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে।’ যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা জবাব দেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। সংসদের বাইরে তিনি বলেন, ‘মণিপুরের মুখ্যমন্ত্রী যদি সহযোগিতা করেই থাকে, তাহলে মণিপুরে ৬০ হাজার মানুষ ত্রাণ শিবিরে বসবাস করছে কেন? এটাই যদি সহযোগিতা হয়ে থাকে, তাইলে প্রধানমন্ত্রীর উচিত এখনই মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করা। এটা কি ধরনের সহযোগিতা, যেখানে মুখ্যমন্ত্রীর ভুল স্বীকার করার সাহস নেই।’


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!