Home » জেতা ম্যাচ ড্র করেও এশিয়াডের শেষ ষোলোয় সুনীলরা

জেতা ম্যাচ ড্র করেও এশিয়াডের শেষ ষোলোয় সুনীলরা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ সেপ্টেম্বর: এশিয়ান গেমসের শেষ ষোলোয় ভারত। এশিয়াডে গ্রুপের শেষ ম্যাচে এগিয়ে থেকেও মায়ানমারের সঙ্গে ১-১ গোলে ড্র ভারতের। পেনাল্টি থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। দ্বিতীয়ার্ধের শেষের দিকে ম্যাচে সমতা ফেরায় মায়ানমার। এশিয়াডের শেষ ষোলোয় সুনীলরা সৌদি আরবের মুখোমুখি হবে।

কেন্দ্রীয় মন্ত্রকের কাছে দীর্ঘ আবেদনের পর এশিয়ান গেমসে খেলার ছাড়পত্র পেয়েছে ভারতীয় ফুটবল দল। কেন্দ্র সায় দিলেও ক্লাবের মরশুম শুরু হয়ে যাওয়ায় জাতীয় দলে ফুটবল ছাড়ার ব্যাপারে বেঁকে বসে ক্লাবগুলি। শেষে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের হস্তক্ষেপে কাটে জট। এশিয়ান গেমসে খেলতে গিয়ে প্রথম ম্যাচে ধাক্কা খায় ভারত। চিনের বিরুদ্ধে প্রস্তুতি ছাড়া নেমে হারতে হয় ৫-১ গোলে। শেষ ষোলোয় ওঠার লড়াইটা আরও কঠিন হয় সুনীলদের সামনে। তবে প্রথমে বাংলাদেশকে হারিয়ে ও পরে মায়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমসের শেষ ষোলোয় পৌঁছে গেল ভারতের পুরুষ ফুটবল দল।

আরও পড়ুন: পেনাল্টিতে সুনীলের গোল, এশিয়াডে প্রথম জয় ভারতের

ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যেতে পারতেন সুনীলরা। নরেন্দ্র গেহলতের বাড়ানো পাস থেকে বল পেয়ে যান রহিম আলি। মায়ানমার রক্ষণভাগের ফুটবলাররা কোনও রকমে পরিস্থিতি সামাল দেন। প্রতি আক্রমণে ভারতের রক্ষণের উপরও চাপ তৈরি করে মায়ানমার। তবে ভারতের জন্য বিপদ বাড়েনি। ম্যাচের ২৩ মিনিটের মাথায় মায়ানমারের রক্ষণের এক ফুটবলারের দোষে বল পেয়ে যান রহিম আলি। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে রহিমকে বাঁধা দেন মায়ানমারের রেফারি। পেনাল্টি পায় ভারত। গোল করে দলকে এগিয়ে সুনীল ছেত্রী। প্রথমার্ধে আক্রমণ প্রতিআক্রমণে দুই দলের কাছে কয়েকটি সুযোগ আসে। তবে গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের সুযোগ পায় ভারত। মায়ানমার গোলরক্ষককে একা পেয়েও হাতে মারেন গুরকিরত। রহিমের শট বাঁচিয়ে দলকে খেলায় টিকিয়ে রাখেন মায়ানমার গোলরক্ষক। ৬০ মিনিটে ভারতকে নিশ্চিত গোল খাওয়ার হাত থেকে বাঁচান গোলরক্ষক ধীরজ সিং। তবে বেশিক্ষণ দুর্গ অক্ষত রাখতে পারেনি ভারত। ৭৪ মিনিটে মায়ানমারের হয়ে সমতা ফেরান পরিবর্ত হিসেবে নামা কিয়াও হিতোয়ে। জেতা ম্যাচ ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয় সুনীলদের।এই ম্যাচ ড্র হলেও গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় পৌঁছে গেল ভারত। শেষ ষোলোয় ভারত মুখোমুখি হবে সৌদি আরবের। গত বিশ্বকাপে সৌদির বিপক্ষে হারতে হয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। সেই সৌদিকে হারিয়ে কি কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারবে ইগর স্টিমাচের ছেলেরা? উত্তর মিলবে আর কিছু দিন পর।

About Post Author