Home » এক ম্যাচ বাকি থাকতে ইন্দোরে সিরিজ জয় ভারতের

এক ম্যাচ বাকি থাকতে ইন্দোরে সিরিজ জয় ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ সেপ্টেম্বর: ইন্দোরে সিরিজ জয় ভারতের। দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯৯ রানে হারাল ভারত। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৯৯ রান করে রাহুল ব্রিগেড। জবাবে ২৮.২ ওভারে ২১৭ রানে শেষ অজিদের ইনিংস।

প্রাক বিশ্বকাপে প্রস্তুতিতে ব্যস্ত ভারত-অস্ট্রেলিয়া দুই দল। নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলে একে অপরকে মেপে নিচ্ছে আসন্ন বিশ্বকাপের দুই প্রবলতম দাবিদার। প্রথম একাদশের একাধিক গুরুত্বপূর্ণ সদস্যকে বাইরে রেখেই দল গড়েছে ভারত। অস্ট্রেলিয়া দলেও নেই একাধিক তারকা। তবুও ঘরের মাঠে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভালো মত বেগ দিল লোকেশ রাহুল নেতৃত্বাধীন ভারতীয় দল।

ইন্দোরের দ্বিতীয় একদিনের ম্যাচে টসে হেরেও প্রথমে ব্যাট করার সুযোগ পায় ভারত। ইনিংসের শুরুতেই রুতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় মেইন ইন ব্লু শিবির। ৮ রানে প্যাভিলিয়নে ফেরেন রুতুরাজ। এরপর ম্যাচের রাস নিজেদের হাতে নেন শুভমন গিল ও শ্রেয়স আইয়ার। প্রথম ম্যাচ রান পাননি শ্রেয়স। এই ম্যাচে নিজেকে প্রমাণ করার বাড়তি তাগিদ দেখা গেল তাঁর মধ্যে। শুরু থেকে বড় শট মেরে অস্ট্রেলিয়ার বোলারদের চাপে রাখেন শ্রেয়স। তাকে যোগ্য সঙ্গ দেন দুরন্ত ফর্মে থাকা গিল।

ভারতের ইনিংস চলাকালীন বৃষ্টি ম্যাচের তাল কাটলেও, এই দুই ব্যাটারের ব্যাটিংয়ের তাল কাটতে পারেনি। এই দুই ব্যাটার নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে সমান গতিতে ভারতের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি করেন। ৮৬ বল খেলে শতরান পূর্ণ করেন শ্রেয়াস। তাঁর পাশাপাশি শতরান করলেন শুভমনও। তিনি শতরান করতে খরচ করলেন ৯২ টি বল। দুজনের জুটি স্কোরবোর্ডে যোগ করে দ্বিশত রান। বড় শটের সন্ধানে ১০৫ রানে ফেরেন শ্রেয়স। শতরান করার পর গিলও বেশিক্ষণ উইকেটে টেকেন নি। ১০৪ রান করে থামেন তিনি। এরপর ঈশান কিষানকে সঙ্গে নিয়ে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক রাহুল। গিল ও শ্রেয়স ইনিংসের ভিত মজবুত করে দিয়েছিলেন। এরপর রানের গতিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি করেন মিডল অর্ডারের ব্যাটাররা। ১৮ বলে ৩১ রান করে আউট হন কিশন। রাহুল করেন ৩৮ বলে ৫২ রান। ম্যাচের ফিনিশিংটা করলেন সূর্যকুমার যাদব।

আরও পড়ুন: এশিয়াড ক্রিকেটের সেমিফাইনালে ভারতের মেয়েরা

একদিনের ক্রিকেটে দীর্ঘদিন রানের খরা চলছিল তাঁর ব্যাটে। এই সিরিজের প্রথম ম্যাচে কিছুটা চেনা ছন্দে পাওয়া গিয়েছিল সূর্যকে। তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের উপর আধিপত্য কায়েম করলেন। মাঠের চারিদিকে শট মেরে প্রমাণ করলেন কেন তাঁকে বর্তমন ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি বলা হয়। ক্যামেরন গ্রিনের পরপর চারটি বলে মারলেন চারটি ছক্কা। শেষ পর্যন্ত ৩৭ বলে ৭২ রানে অপরাজিত থাকেন দ্যা স্কাই। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে ভারত।

দ্বিতীয় ইনিংসে ৪০০ রান তাড়া করা মুখের কথা নয়। অস্ট্রেলিয়া ইনিংসে আবার চাপ তৈরি করুন প্রসিদ্ধ কৃষ্ণা। দ্বিতীয় ওভারের দুই ও তিন নম্বর বলে ম্যাট শর্ট ও স্টিভ স্মিথকে ফেরান কৃষ্ণা। প্রাথমিক দুই উইকেটের ধাক্কা সামলিয়ে যখন দলকে খেলায় ফেরানোর চেষ্টা করছেন ওয়ার্নার লাবুশানে জুটি, তখন ফের নামে বৃষ্টি। বৃষ্টিতে খেলা অনেকটা সময় বন্ধ থাকে। ম্যাচের ওভার ৫০ থেকে কমিয়ে ৩৩ করা হয়। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দেওয়া হয় ৩১৭ রানের। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রান করছিলেন ওয়ার্নার। অর্ধশত রান পূর্ণ করেন তিনি। পরপর দুই ওভারে দুই সেট ব্যাটার লাবুশানে ও ওয়ার্নারকে প্যাভিলিয়নে ফিরিয়ে অজি শিবিরে ধাক্কা দেন অশ্বিন। লাবুশানে করেন ২৭ ও ওয়ার্নার করেন ৫৩ রান। ভারতের দুই অভিজ্ঞ স্পিন জুটি অশ্বিন ও জাদেজার সামনে আর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ব্যাগি গ্রিনরা। শেষ দিকে শন অ্যাবট বেশ কয়েকটি বড় শট খেলে অর্ধশতরান করেন। তবে হারের হাত থেকে তিনি দলকে বাঁচাতে পারেননি। ২৮.২ ওভারে ২১৭ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

এই ম্যাচে জিতে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরল ভারত। এরসঙ্গে ইন্দোরে সাতটি একদিনের ম্যাচে সাতটি জয়ের রেকর্ডটিও অক্ষুণ্ণ রাখল মেন ইন ব্লু-শিবির।

About Post Author