সময় কলকাতা ডেস্ক, ২৫ ডিসেম্বর : আইএসএলে যুদ্ধে নামার আগে চনমনে ইস্টবেঙ্গল শিবির। আইএসএলে নিজেদের চতুর্থ মরশুমে নিজেদের যাত্রার শুভসূচনা করতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গনে সোমবার রাত আটটায় জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামছে ইস্টবেঙ্গল।
বিগত তিন মরশুমে শেষের সারিতে থেকে শেষ করেছিল ইস্টবেঙ্গল, এবার কার্লেস কুয়াদ্রাতের হাতে ঘর অনেকটাই গুছিয়ে তুলে দিয়েছিলেন কর্মকর্তারা। তবুও সমস্যা দেখা দিয়েছে। শুরুর দিক থেকেই গুরুত্বপূর্ণ চোট আঘাত ভোগাতে শুরু করেছে। ডিফেন্স নিয়ে সমস্যা আছে। খুব অল্প সময়ের মধ্যে মানিয়ে নেওয়া এলসে মাঠের বাইরে চলে গিয়েছেন। লালচুংনুঙ্গা ভারতীয় শিবিরে চিনের মাটিতে। তবুও হতোদ্যম নয় ইস্টবেঙ্গল শিবির। এবার ভালো কিছু করার ইঙ্গিত দিতে চায় লাল হলুদ বাহিনী। ভালো কিছু খবরও পেয়েছেন। মহেশ নাওরেম সিংকে আগামী দীর্ঘসময় দেখা যাবে লাল হলুদ জার্সিতে। চার বছরের চুক্তি হয়েছে। মিডফিল্ড ও আপফ্রন্ট শক্তিশালী হলেও এম্যাচের ডিপ ডিফেন্স কী ভাবে সাজাবেন স্প্যানিশ কোচ সেদিকে নজর থাকছে। ভালো কিছু করে দেখাতে বদ্ধপরিকর কুয়াদ্রাত বলছেন, “আমরা এক মাস সময় পেয়েছি অনুশীলনের জন্য। বিভিন্ন সিস্টেম নিয়ে চর্চা হয়েছে। যখন ডুরান্ড খেলেছিলাম, তখন আমাদের জেতার লক্ষ্যে মাঠে নামতে হত এবং ট্রেনিংয়েও সেই লক্ষ্যই থাকত। কিন্তু গত এক মাসে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেছি। যদিও মাঝে কিছুটা সময় মহেশ (সিং), লালচুংনুঙ্গা, (প্রভসুখন) গিল, জর্ডন (এলসে)-দের পাইনি। তাতে অসুবিধা হয়েছে ঠিকই। কিন্তু গত কয়েক সপ্তাহের প্রস্তুতির পর আমি খুশি। একাধিক ফ্রেন্ডলি ম্যাচে আমরা বিভিন্ন কৌশলে খেলার চেষ্টা করেছি। আমার মনে হয়, দলের ছেলেরা সবাই এগুলো ভালই বুঝতে পেরেছে এবং তার প্রতিফলন মাঠে পড়বে।”

জামশেদপুর এফসির নতুন কোচ স্কট কুপার মনে করেন যে তার দল, যা এই মরসুমের আগে নতুন করে তৈরি হয়েছে, টুর্নামেন্টের সঙ্গে সঙ্গেই আরও উন্নতি করবে।
টুর্নামেন্ট শুরুর প্রথম দুদিনের মধ্যেই অন্যতম শক্তিধর সেরা দুই দল মোহনবাগান ও মুম্বাই সিটি এফসি। আইএসএল ইতিহাসে অন্যতম সফল দল মুম্বাই সিটি এফ সি সোমবার যাত্রা শুরু করেছে জয় দিয়ে। নর্থইস্ট ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে তারা। হরহে পেরেরা দিয়াজ জোড়া গোল করেন, নর্থ ইস্টের একমাত্র গোলটি পার্থিব গোগোইয়ের করা। আইএসএলে মোহনবাগান ৩-১ জয় দিয়ে যাত্রা শুরু করেছে, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবার কী করে সেটাই দেখার।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআরকে হারিয়ে শুরু মুম্বাইয়ের
মহামেডানকে ৭ গোল দিল ইস্টবেঙ্গল