স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ সেপ্টেম্বর: এশিয়াডে ফের সোনা জয় ভারতের। ক্রিকেটে সোনা জিতল ভারতের মেয়েরা। এশিয়াডে সোমবার মেয়েদের ক্রিকেটের ফাইনালের ভারত মুখোমুখি হয় শ্রীলঙ্কার। বল হাতে তিতাসের দাপট ও ব্যাট হাতে স্মৃতি ও জেমাইমার ইনিংসে ভর করে শ্রীলঙ্কাকে হারাল ভারত।

কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলেননি ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। সোমবার তিনি খেললেন। তবে অধিনায়কের প্রত্যাবর্তনের ম্যাচে নায়ক হয়ে রইলেন এক জন। তিনি বাংলার মেয়ে তিতাস সাধু। ফাইনালে একই শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে দিলেন তিতাস। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের আবিষ্কার তিতাস। তবে, বড়দের দলে তিতাসের অভিষেক হয় এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশে বিরুদ্ধে। সোমবার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন বাংলার মেয়ে তিতাস। শ্রীলঙ্কা ম্যাচে বার্তা দিলেন যে তিনি লম্বা রেসের ঘোড়া। তাঁর দাপুটে বোলিং শ্রীলঙ্কার টপ অর্ডারে ধস নামায়। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৬ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিতাস। শুধু ৩ টি উইকেট নয় একটি ওভারে একটিও রান খরচ করলেন না। ভারতের হয়ে বাকি কাজটি করেন রাজেশ্বরী গায়কোয়াড়। ২ টি উইকেট নেন রাজেশ্বরী। পূজা ভাস্ত্রাকার, দীপ্তি শর্মা ও দেবিকা বৈদ্য নিলেন একটি করে উইকেট। ১১৭ রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৯৭ রানে থামতে হয় লঙ্কা শিবিরকে।

আরও পড়ুন: এশিয়াডের প্রথম সোনা ভারতের, দলগত শ্যুটিংয়ে এল প্রথম সোনা
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। স্মৃতি মান্ধানা ও জেমাইমা রড্রিগেজের ব্যাটে ভর করে, ৭ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে ভারত। ৪৫ বলে ৪৬ রান করেন স্মৃতি। ৪ টি চার ও ১ টি ছয় মারেন স্মৃতি। জেমাইমা করলেন ৪০ বলে ৪২ রান। এই দুই ব্যাটার ছাড়া এদিন ভারতের হয়ে দুই অঙ্কের রান পাননি কোনও ব্যাটার। নির্বাসন কাটিয়ে ফিরে ব্যাট হাতে ব্যর্থ হরমনপ্রীত। ২ রান করে ফেরেন তিনি। তবে বোলারদের দাপটে ম্যাচ জিতে প্রতিযোগিতার দ্বিতীয় সোনা নিশ্চিত করল ভারত।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক