Home » ট্রেন চেয়েও মেলেনি, কলকাতা থেকে দিল্লির পথে রওনা দিল ৫০টি বাস

ট্রেন চেয়েও মেলেনি, কলকাতা থেকে দিল্লির পথে রওনা দিল ৫০টি বাস

সময় কলকাতা ডেস্ক, ৩০ সেপ্টেম্বর: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ধরনা কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস। ২ অক্টোবর, গান্ধি জয়ন্তীর দিন থেকে শুরু হতে চলেছে সেই কর্মসূচি। বাংলা থেকে কর্মী-সমর্থক, নেতা, বিধায়কদের নিয়ে যেতে আগেই স্পেশাল ট্রেনের জন্য রেলের কাছে আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস। ২০টি স্লিপার কোচ যুক্ত বিশেষ ট্রেন চাওয়া হয়েছিল। কিন্তু রেলের কাছে বিশেষ ট্রেন চেয়েও পায়নি তৃণমূল। তাই শনিবার সকালে কলকাতা থেকে দিল্লির পথে রওনা দিল ৫০টি বাস। প্রতিটি বাসে ৭০ টি সিট থাকছে। ভলভো সংস্থার স্লিপার বাসগুলিতে যাত্রীদের জন্য খাবার, ওষুধ, মেডিক্যাল কিটের যথেষ্ট ব্যবস্থা রয়েছে বলেই তৃণমূল সূত্রের খবর। তৃণমূলের কর্মী-সমর্থক ও জব কার্ড হোল্ডার মিলিয়ে মোট ৫ হাজার জনকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এদিন সকাল সাড়ে ৮টায় বাসগুলি ছাড়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। দেরী হয়েছে অনেকটাই। সকাল ১১ টার পর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বাসগুলি ছেড়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এবং ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগে আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে প্রতিবাদ ও ধরনা কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। রাজ্যের ১০০ দিনের কাজের শ্রমিক ও জব কার্ড হোল্ডারদের দিল্লিতে দিয়ে গিয়ে ধরনা কর্মসূচির ডাক দেয় শাসকদল। নিজেদের জব কার্ড হাতে নিয়েই দিল্লিতে যাবেন শ্রমিকরা। কার্যত সেকারণেই রেলের কাছে বিশেষ ট্রেন চেয়েও পায়নি তৃণমূল। চিঠি মারফত রেল জানিয়েছে, ‘৩০ তারিখ আপনাদের তরফে যে স্পেশ্যাল ট্রেনের অনুরোধ করা হয়েছিল তা আমরা খতিয়ে দেখেছি।

আরও পড়ুন   ‘অভিষেককে ৩ অক্টোবর জেরা করতেই হবে’, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার 

কিন্তু, এই মুহূর্তে সেই আবেদন রাখা সম্ভব নয়। ট্রেন পাওয়া যায়নি।’ তাই শেষ মুহূর্তে বাসই ভরসা। রেলের কাছে স্পেশাল ট্রেন চাওয়ার পরও তা না মেলায় এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, দলের তরফে একটা পোস্টও করা হয়েছে। এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা টুইটে লেখা হয়েছে, ‘আমাদের দমাতে চাওয়ার আরও একটা চেষ্টা! পূর্ব রেল আমাদের স্পেশ্যাল ট্রেনের আবেদন নাকচ করে দিয়েছে। একশ দিনের কাজ ও আবাস যোজনার বঞ্চিতদের দিল্লি নিয়ে যাওয়ার জন্য এই ট্রেনের আবেদন করা হয়েছিল। কিন্তু, সেই অনুরোধ রাখা হল না। তবে যে করেই হোক, যে কোনও পরিস্থিতিতে আমরা আমাদের দাবি-দাওয়া নিয়ে দিল্লি যাব।’

About Post Author