সময় কলকাতা ডেস্ক, ১ অক্টোবর: দিল্লি অভিযানে বিপত্তি। দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস। দলীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের কোডারমার কাছে এই ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৫টা নাগাদ ঝাড়খণ্ডের কোডার্মা এলাকায় মাটির ঢিপিতে ধাক্কা মারে বাসটি। বাসে ৩৩ জন তৃণমূল কর্মী ছিলেন। তারা সকলেই জখম হয়েছেন। জখম যাত্রীদের উদ্ধার করে পুরুলিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসের সামনের অংশেরও ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের আপাতত দিল্লি যাওয়া হচ্ছে না। এদিন ঠিক কি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে প্রবল বৃষ্টির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

অন্যদিকে, তৃণমূলের দিল্লি অভিযানে ক্রমশ তৈরি হচ্ছে ধোঁয়াশা। প্রথমে বাতিল হয়েছিল ট্রেন, এবার বাতিল হল বিমান। রবিবার তৃণমূলের একাধিক নেতা নেত্রীর সন্ধ্যা পৌনে সাতটার বিমানে করে দিল্লি রওনা হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই সেই বিমান বাতিল করা হয়। বিমান সংস্থার দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাতিল করা হয়েছে। যদিও তৃণমূল নেতাদের অভিযোগ, এই বিমানে শতাধিক নেতা কর্মীর দিল্লি যাওয়ার কথা ছিল। তাই ওই বিমান বাতিল করা হল। এদিন দলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে ডেরেক ও ’ব্রায়েন লিখেছেন, ‘ আগে এরা কলকাতা থেকে দিল্লিগামী ট্রেন বাতিল করেছে। ২ অক্টোবর, ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি আছে। সেই কর্মসূচিতে অংশগ্রহণকারীরাই এই ট্রেনে যেতেন। দিল্লিতে গিয়ে নিজেদের প্রাপ্য দাবি করার কথা ছিল তাঁদের। এবার বিমান বাতিল করা হল। যত পারো চেষ্টা করো।’
আরও পড়ুন নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা
প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এবং ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগে আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে প্রতিবাদ ও ধরনা কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। রাজ্যের ১০০ দিনের কাজের শ্রমিক ও জব কার্ড হোল্ডারদের দিল্লিতে দিয়ে গিয়ে ধরনা কর্মসূচির ডাক দেয় শাসকদল। নিজেদের জব কার্ড হাতে নিয়েই দিল্লিতে যাবেন শ্রমিকরা। এমতাবস্থায় শনিবার রেলের কাছে বিশেষ ট্রেন চেয়েও পায়নি তৃণমূল। চিঠি মারফত রেল জানিয়েছে, ‘৩০ তারিখ আপনাদের তরফে যে স্পেশ্যাল ট্রেনের অনুরোধ করা হয়েছিল তা আমরা খতিয়ে দেখেছি। কিন্তু, এই মুহূর্তে সেই আবেদন রাখা সম্ভব নয়। ট্রেন পাওয়া যায়নি।’ তাই শেষ মুহূর্তে বাসই ছিল ভরসা। তাই শনিবার সকাল না হতেই ৫০টি বাস প্রস্তুত করে ফেলে রাজ্যের শাসক দল। প্রতিটি বাসে ৭০ টি সিট ছিল। ভলভো সংস্থার স্লিপার বাসগুলিতে যাত্রীদের জন্য খাবার, ওষুধ, মেডিক্যাল কিটের যথেষ্ট ব্যবস্থাও ছিল বলে তৃণমূল সূত্রের খবর। তৃণমূলের কর্মী-সমর্থক ও জব কার্ড হোল্ডার মিলিয়ে মোট ৫ হাজার জনকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা