Home » ইলিয়ট রোডের পারফিউম গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইলিয়ট রোডের পারফিউম গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

সময় কলকাতা ডেস্ক, ১ অক্টোবর: রাতের শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার রাত ৯টা নাগাদ বিধ্বংসী আগুন লাগে কলকাতার ইলিয়ট রোডের একটি গোডাউনে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ১৫ টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যাবেলায় হঠাৎই মধ্য কলকাতার ২১ নম্বর ইলিয়ট রোডের ওই গোডাউনে আগুন লাগে। গোডাউনে পারফিউম, চিপস এবং চকোলেট মজুত থাকত। সেই কারণে গোডাউনে পারফিউমের মতো প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। এমনকী খবর পেয়েই ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশও।

আরও পড়ুন    জোড়া গোলে বাজিমাত করলেন ক্লেটন,আইএসএলে জিতল ইস্টবেঙ্গল

কিন্তু, আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়াতে শুরু করায় দমকলের আরও ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন রাতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। যদিও এদিন রাতে এলিয়ট রোডের গোডাউনটিতে কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলেই দমকল বাহিনীর প্রাথমিক অনুমান।

About Post Author