Home » নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

সময় কলকাতা ডেস্ক, ৫ অক্টোবরঃ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। এবার নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন স্পষ্ট জানিয়ে দেয়, আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে এই মামলা। ইডির তদন্তের গতি নিয়েও এদিন বিচারপতি আদালতে প্রশ্ন তোলেন। একইসঙ্গে আগামী ১০ অক্টোবরের মধ্যে অভিষেককে লিপ্‌স অ্যান্ড বাউন্ডস কোম্পানির সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। যদিও নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকী বিচারপতি সিনহা নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্রকে অবিলম্বে এই তদন্ত প্রক্রিয়া থেকে সরানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি এও জানিয়ে দিয়েছেন, মিথিলেশ মিশ্রকে বাংলায় কোনও তদন্তে নিয়োগ করা যাবে না। এসবের মাঝেই এবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ইডিকে বেঁধে দিল তদন্তের সময়সীমা। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিকে, গত ৩ অক্টোবর হাজিরা এড়ানোর পর নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার রুজিরাকে তলব করা হয়েছে। আগামী ৯ অক্টোবর তাঁদেরকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে বলেই জানা গিয়েছে। কেননা আগামী ১০ অক্টোবর নিয়োগ সংক্রান্ত মামলায় আদালতে রিপোর্ট জমা দেওয়ার কথা ইডি-র। গত সপ্তাহেই অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। আগামী ৬ ও ৭ অক্টোবর তাঁদের হাজিরা দেওয়ার কথা। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা-বাবা ওতাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইনফোর্সমেন্ট ডিরেক্টর। সেইসঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করতে চান ইডি। জানা গিয়েছে, এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য প্রমাণস্বরূপ ইডির হাতে এসেছে, তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ড করতে চান।

আরও পড়ুন   এশিয়ান গেমসে দিনের দ্বিতীয় সোনা ভারতের, স্কোয়াশে সোনা জিতলেন দীপিকা-হরিন্দর জুটি

প্রসঙ্গত, ৩ অক্টোবর লিপ্‌স অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছিল ইডি। ওইদিন সকাল সাড়ে ১০টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির দিতে বলেছিল কেন্দ্রীয় সংস্থা। এসবের মাঝেই গত শুক্রবার এক্স হ্যান্ডেলে অভিষেক জানিয়ে দেয়, ৩ অক্টোবর তিনি ইডির তলবে হাজিরা দিতে পারবেন না। কারণ, সেসময় তিনি দিল্লিতে ধরনার কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘সব বাধার মধ্যেই বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে এবং পাওনা আদায়ের দাবিতে লড়াই চলবে। এই লড়াইয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেও কোনও লাভ হবে না। বাংলার মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াইয়ের জন্য পৃথিবীর কোনও শক্তি আমায় দমাতে পারবে না। ২ ও ৩ অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব। পারলে আমাকে আটকে দেখান।’

About Post Author