সময় কলকাতা ডেস্ক, ৭ অক্টোবর: গত একসপ্তাহ ধরেই বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে একনাগাড়ে শুরু হয়েছিল ভারী বৃষ্টি। সপ্তাহান্তে এসে ধীরে ধীরে নিম্নচাপের প্রভাব কাটছে। শনিবার থেকেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় বাড়বে তাপমাত্রার পারদ। তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে তৈরি হওয়া নিম্নচাপ বিহারের দিকে সরে গিয়েছে। কার্যত সেকারণেই দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে।
আরও পড়ুন ফাইনালেও ৫ গোল, জাপানকে উড়িয়ে সোনা ও বদলা দুটি নিল ভারত
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার দিনভর আকাশ মেঘলা থাকবে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় দুপুরের পর থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গুমোট আবহাওয়া জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৪ থেকে ৯২ শতাংশ।

পূর্বাভাস বলছে, আগামী ১০ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,মালদহ, দুই দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাড়বে তাপমাত্রা। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


More Stories
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
পাটুলিতে শুট আউট, নিহত যুবক