Home » পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ফিরহাদ-মদনের বাড়িতে হানা দিল সিবিআই

পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ফিরহাদ-মদনের বাড়িতে হানা দিল সিবিআই

সময় কলকাতা ডেস্ক, ৮ অক্টোবরঃ পুরনিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পর এবার কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতেও হানা দিল সিবিআই। রবিবার সকালেই আচমকা মদন মিত্রের বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ান রা। মদন মিত্রের দক্ষিণেশ্বরের আবাসনে চলছে সিবিআই তল্লাশি। জানা গিয়েছে, সিবিআইএর তিন সদস্যের প্রতিনিধি দল তদন্ত চালাচ্ছে মদন মিত্রের ঘরে। মদন মিত্রের বাড়ির গেট পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে। বাইরের কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে খবর। নিয়ে নেওয়া হয়েছে বিধায়কের মোবাইল। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পরে গিয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

এদিনই সাত সকালে কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুদামা রায়ের বাড়িতে সিবিআই হানা দিয়েছে। গোটা বাড়ির চারপাশ ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। জারি রয়েছে তল্লাশি। অন্যদিকে হালিশহর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অংশুমান রায়ের বাড়িতেও তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই। গোটা এলাকা কেন্দ্রীয় নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে। যদিও রবিবার মদন মিত্রের বাড়িতে হানা দেওয়ার আগে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই আধিকারিকরা। এদিন সকালবেলায় প্রায় সাত থেকে আটটি গাড়ি চেতলা অগ্রণীর পাশে অবস্থিত মন্ত্রীর ফ্ল্যাটে হানা দেন। প্রায় পাঁচ থেকে ছ’জন গোয়েন্দা আধিকারিক প্রবেশ করেন ফ্ল্যাটের ভিতরে।

আরও পড়ুন        কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ

ফিরহাদ হাকিমের মোবাইল নিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি ফিরহাদের বাড়ির সামনে জমে থাকা ভিড়ের ভিডিওগ্রাফি করে রাখেন সিবিআই আধিকারিকরা। এদিন ফিরহাদের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছনোর খবর চাউর হতেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মী থেকে শুরু করে এলাকাবাসীরা। অন্যদিকে, এই খবর চাউর হতেই তড়িঘড়ি ফিরহাদ হাকিমের দু’জন আইনজীবী মন্ত্রীর বাড়িতে পৌঁছে যান। তবে তদন্তকারী আধিকারিকদের অনুমতি না মেলায় তাঁরা কেউই বাড়ির ভিতর প্রবেশ করতে পারেননি। প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দিয়েছিল ইডি। দীর্ঘসময় ধরে চলেছিল তল্লাশি। তারইমধ্যে এবার মদনের বাড়িতে সিবিআই হানা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি।

About Post Author