সময় কলকাতা ডেস্ক, ৯ অক্টোবরঃ পুরনিয়োগ দুর্নীতিতে রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে সিবিআই। রবিবারের পর সোমবারও অব্যাহত তল্লাশি অভিযান। রানাঘাট,উলুবেড়িয়ার, ডায়মন্ডহারবারের পর সোমবার মধ্যমগ্রাম পুরসভাতেও হানা দিল সিবিআই। সোমবার দুপুর সাড়ে বারোটা থেকে সিবিআই আধিকারিকরা মধ্যমগ্রাম পুরসভায় তল্লাশি চালাচ্ছেন। পুরপ্রধান নিমাই ঘোষের ঘরের চারপাশ ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান থাকাকালীন এই পুরসভায় কোনও দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই তল্লাশি চালানো হচ্ছে বলেই জানা গিয়েছে। খতিয়ে দেখছেন বিভিন্ন নথিও।

এদিকে, সোমবার ডায়মন্ডহারবার পুরসভাতেও হানা দিল সিবিআই। সেইসঙ্গে এদিন ডায়মন্ডহারবার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মীরা হালদারের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, ২০১৬ সালে ডায়মন্ডহারবার পুরসভার বিভিন্ন পদে ১৬ জনকে নিয়োগ করা হয়েছিল। সেই নিয়োগেই একাধিক দুর্নীতি হয়েছে। আর নিয়োগ পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিল অয়ন শীলের সংস্থা। এ বিষয়ে মীরা হালদারের জানিয়েছেন, বোর্ড অফ কাউন্সিলরের সঙ্গে আলোচনা করে এজেন্সি মারফৎ পরীক্ষা নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে পুরসভা কোন দুর্নীতি করেননি। অন্যদিকে, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ডায়মন্ডহারবার পুরসভার পাশাপাশি এদিন রানাঘাট পুরসভাতেও হানা দিয়েছে সিবিআই। সোমবার সকাল থেকেই সিবিআই আধিকারিকরা রানাঘাট পুরসভায় তল্লাশি চালাচ্ছেন।
আরও পড়ুন পুরনিয়োগ দুর্নীতি মামলায় রানাঘাট পুরসভার বিজেপি বিধায়কের বাড়িতে সিবিআই হানা
একইসঙ্গে রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের বাড়িতেও চলছে তল্লাশি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও বিজেপি নেতার নাম জড়াল। সে দিক থেকে পার্থসারথির বাড়িতে সিবিআই হানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, ২০১৪-১৮ সালের মধ্যে রানাঘাট পুরসভায় অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডর মাধ্যমেই একধিক পদে নিয়োগে দুর্নীতি হয়। আর ওই সময়ই রানাঘাট পুরসভার চেয়ারম্যান ছিলেন পার্থসারথী চট্টোপাধ্যায়ের। সেই মামলার তদন্তেই এবার বিজেপি বিধায়কের অফিসে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা।

ইতিমধ্যেই তল্লাশির কারণে বিজেপি বিধায়কের অফিস সিল করে দেওয়া হয়েছে। এমনকী তাঁর বাড়ির বাইরেও মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির গেট পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে। বাইরের কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে খবর। অন্যদিকে, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে এদিন রানাঘাটের পাশাপাশি সিবিআই-এর একটি দল উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতে হানা দেয়। ৫ থেকে ৬ জন গোয়েন্দা আধিকারিক প্রবেশ করেন প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মুহূর্তের মধ্যে গোটা বাড়ি ঘিরে ফেলে। এরপরই সিবিআই আধিকারিকরা বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তল্লাশি চালায়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি