সময় কলকাতা ডেস্ক, ৯ অক্টোবরঃ পুরনিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার রানাঘাট পুরসভায় সিবিআই হানা। সোমবার সকাল থেকেই সিবিআই আধিকারিকরা রানাঘাট পুরসভায় তল্লাশি চালাচ্ছেন। সেইসঙ্গে রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের বাড়িতেও চলছে তল্লাশি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও বিজেপি নেতার নাম জড়াল। সে দিক থেকে পার্থসারথির বাড়িতে সিবিআই হানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, ২০১৪-১৮ সালের মধ্যে রানাঘাট পুরসভায় অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডর মাধ্যমেই একধিক পদে নিয়োগে দুর্নীতি হয়। আর ওই সময়ই রানাঘাট পুরসভার চেয়ারম্যান ছিলেন পার্থসারথী চট্টোপাধ্যায়ের।

সেই মামলার তদন্তেই এবার বিজেপি বিধায়কের অফিসে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। ইতিমধ্যেই তল্লাশির কারণে বিজেপি বিধায়কের অফিস সিল করে দেওয়া হয়েছে। এমনকী তাঁর বাড়ির বাইরেও মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির গেট পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে। বাইরের কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে খবর। অন্যদিকে, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে এদিন রানাঘাটের পাশাপাশি সিবিআই-এর একটি দল উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতে হানা দেয়। ৫ থেকে ৬ জন গোয়েন্দা আধিকারিক প্রবেশ করেন প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মুহূর্তের মধ্যে গোটা বাড়ি ঘিরে ফেলে। এরপরই সিবিআই আধিকারিকরা বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তল্লাশি চালায়।

উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি মামলায় রবিবারই পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই আধিকারিকরা। এদিন সকালবেলায় প্রায় সাত থেকে আটটি গাড়ি চেতলা অগ্রণীর পাশে অবস্থিত মন্ত্রীর ফ্ল্যাটে হানা দেন। প্রায় পাঁচ থেকে ছ’জন গোয়েন্দা আধিকারিক প্রবেশ করেন ফ্ল্যাটের ভিতরে। ফিরহাদ হাকিমের মোবাইল নিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি ফিরহাদের বাড়ির সামনে জমে থাকা ভিড়ের ভিডিওগ্রাফি করে রাখেন সিবিআই আধিকারিকরা। এদিনই আবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পর কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই।
আরও পড়ুন ভারতীয় চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেত্রী ভৈরবী বৈদ্য প্রয়াত

রবিবার সকালেই আচমকা মদন মিত্রের বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ান রা। মদন মিত্রের দক্ষিণেশ্বরের আবাসনে চলে সিবিআই তল্লাশি। অন্যদিকে, এদিনই সাত সকালে কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুদামা রায়ের বাড়িতে সিবিআই হানা দেয়। গোটা বাড়ির চারপাশ ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। জারি রয়েছে তল্লাশি। একইসঙ্গে হালিশহর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অংশুমান রায়ের বাড়িতেও তল্লাশি অভিযানে নামে সিবিআই। প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দিয়েছিল ইডি। দীর্ঘসময় ধরে চলেছিল তল্লাশি। তারইমধ্যে এবার মদন ও ফিরহাদের বাড়িতে সিবিআই হানা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি