Home » পুজোর আগেই বিধ্বংসী অগ্নিকাণ্ড প্যান্ডেলের গোডাউনে, পুড়ে ছাই ২০ লক্ষ টাকার সামগ্রী

পুজোর আগেই বিধ্বংসী অগ্নিকাণ্ড প্যান্ডেলের গোডাউনে, পুড়ে ছাই ২০ লক্ষ টাকার সামগ্রী

সময় কলকাতা ডেস্ক,  ১০ অক্টোবর:  হাতে গোনা মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই শুরু বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আর এই পুজোর আগেই বিধ্বংসী অগ্নিকাণ্ড পশ্চিম মেদিনীপুরের  দাসপুরের। সোমবার রাতে ভয়াবহ  আগুন লাগে দাসপুর থানার পলাশপাই গ্রামের একটি প্যান্ডেলের গোডাউনে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন   নিয়োগ দুর্নীতি মামলায় আজই ইডির কাছে নথি পেশ করতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১০টা নাগাদ হঠাৎই আগুন লাগে শক্তিপদ মাইতি নামে এক প্যান্ডেল ব্যবসায়ীর গোডাউনে। বিধ্বংসী এই আগুনে পুড়ে ছাই হয়ে যায় পুরো গোডাউনটি। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ওই গোডাউনে মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। অন্যদিকে, এই ঘটনার খবর চাউর হতেই ঘটনাস্থলে উপস্থিত হন মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত।

তিনি নিজেও আগুন নেভানোর কাজে হাত লাগাতে শুরু করেন। এরপর স্থানীয়দের তরফে খবর যায় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা থেকেই স্পষ্ট যে এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। উৎসবের মরশুমে এই ঘটনার পরই মানসিক ভাবে ভেঙে পড়েন ওই ব্যবসায়ী। জানা গিয়েছে, আগুনে প্রায় ২০ লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। এমন দুর্ঘটনায় কার্যত কপালে হাত তাঁর। তবে এদিক ঠিক কীভাবে ওই গোডাউনে আগুন লাগল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

About Post Author