সময় কলকাতা ডেস্ক, ১০ অক্টোবর: নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। গত বৃহস্পতিবারই নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের সময়সীমা বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দোপাধ্যায়ের সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ইডিকে। ইডির তদন্তের গতি নিয়েও এদিন বিচারপতি আদালতে প্রশ্ন তোলেন। একইসঙ্গে ১০ অক্টোবরের মধ্যে অভিষেককে লিপ্স অ্যান্ড বাউন্ডস কোম্পানির সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। এসবের মাঝেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেককে তলব করলে আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর হাইকোর্টের নির্দেশেই মঙ্গলবার অর্থাৎ আজ সমস্ত নথি জমা দিতে হবে অভিষেককে। ১২ অক্টোবরের মধ্যে ওই নথি স্ক্রুটিনি করতে হবে। সূত্রের খবর, তারপর তদন্তের স্বার্থে অভিষেককে সমন পাঠাতে পারবে ইডি।

যদিও নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকী বিচারপতি সিনহা নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্রকে অবিলম্বে এই তদন্ত প্রক্রিয়া থেকে সরানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি এও জানিয়ে দিয়েছেন, মিথিলেশ মিশ্রকে বাংলায় কোনও তদন্তে নিয়োগ করা যাবে না। এসবের মাঝেই এবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ইডিকে বেঁধে দিল তদন্তের সময়সীমা। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, ৩ অক্টোবর লিপ্স অ্যান্ড বাউন্ডস মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছিল ইডি। ওইদিন সকাল সাড়ে ১০টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির দিতে বলেছিল কেন্দ্রীয় সংস্থা।
আরও পড়ুন লাদাখে তুষারধসে এক সেনা জওয়ানের মৃত্যু, নিখোঁজ ৩

এসবের মাঝেই গত শুক্রবার এক্স হ্যান্ডেলে অভিষেক জানিয়ে দেয়, ৩ অক্টোবর তিনি ইডির তলবে হাজিরা দিতে পারবেন না। কারণ, সেসময় তিনি দিল্লিতে ধরনার কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘সব বাধার মধ্যেই বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে এবং পাওনা আদায়ের দাবিতে লড়াই চলবে। এই লড়াইয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেও কোনও লাভ হবে না। বাংলার মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াইয়ের জন্য পৃথিবীর কোনও শক্তি আমায় দমাতে পারবে না। ২ ও ৩ অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব। পারলে আমাকে আটকে দেখান।’


More Stories
ইন্দ্রনীল সেনের একাধিক ঠিকানায় ইডি হানা
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের